মনপুরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আরও একটি মামলা
ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে গত মঙ্গলবার ধান লুট ও চাঁদাবাজির মামলা হয়েছে। একই দিন পুলিশ তাঁর ভাইসহ দুই ক্যাডারকে গ্রেপ্তার করেছে।
২২ ফেব্রুয়ারি মনপুরা হাজিরহাট বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় আলাউদ্দিনকে গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ভোলা শহরের স্টেডিয়াম সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।
মনপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদীস হাওলাদার বলেন, মঙ্গলবার রাতে কলাতলী চরের ননী গোপাল দাস বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ধান লুট, চাঁদা দাবি ও হত্যার হুমকির এজাহার জমা দেন। পরে মামলাটি এজাহারভুক্ত হয়। মামলায় আলাউদ্দিন হাওলাদারকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া চেয়ারম্যানের ভাই মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন হাওলাদারসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, আলাউদ্দিন, তাঁর ভাই ও তাঁর ক্যাডারদের বিরুদ্ধে জমি দখল, প্রতারণা, নারী নির্যাতন, জলদস্যুতাসহ কয়েকটি মামলা রয়েছে।
ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, গ্রামবাসীর সামনে তাঁর ধান লুট হয়েছে। আমন মৌসুমে তাঁর ধান লুটের পর ভোলা-৪ আসনের সাংসদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে জানিয়েছিলেন। তখন তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ ভূঁইয়াকে তদন্ত সাপেক্ষে সালিসের দায়িত্ব দিয়েছিলেন। তদন্তে সত্যতা পেলেও চেয়ারম্যান সালিসে বসেননি।
আবদুল লতিফ ভূঁইয়া বলেন, ননী গোপালের অভিযোগ সত্য। বারবার সালিস ডাকার পরও চেয়ারম্যান সালিসে বসেননি।
মনপুরা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও কলাতলী চরের বাসিন্দা ভবেশ মজুমদার বলেন, মনপুরা ইউনিয়নের কলাতলি ও মাছগ্রাম মৌজার ১ হাজার ৭৫০ একর জমি হিন্দুদের। ৫০০ হিন্দু পরিবারের ভোগদখলে থাকা ওই সব জমির মালিকদের ওপর অত্যাচার-নির্যাতন করে এলাকাছাড়া করছেন আলাউদ্দিন হাওলাদার। অনেকের জমি দখল করে অন্যের কাছে বিক্রি করেছেন।