মনপুরা-তজুমদ্দিন রুটে সি-ট্রাক বিকল চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা-তজুমদ্দিন রুটে চলাচলকারী একমাত্র সি-ট্রাকটি চার দিন ধরে বিকল হয়ে আছে। এতে মেঘনা নদীবেষ্টিত মনপুরার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় লোকজনের অভিযোগ, অবৈধ ট্রলারমালিকেরা সি-ট্রাকের ইজারাদার ও চালকদের সঙ্গে যোগসাজশ করে এটির চলাচল বন্ধ করে দিচ্ছেন।
মনপুরা-তজুমদ্দিন রুটের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। প্রতিবছর ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ রুটে সি-সার্ভে সনদ ছাড়া অন্য নৌযান চলাচল নিষেধ। বর্তমানে এ রুটে চলাচলের অনুমতি রয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এসটি শেখ জামাল নামের সি-ট্রাকের। এটি পরিচালনার ইজারা নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান আলফি এন্টারপ্রাইজ। এলাকার লোকজন জানান, এ রুটে চলাচলকারী একমাত্র সি-ট্রাকটি গত শনিবার থেকে বিকল হয়ে আছে। তাঁদের অভিযোগ, এর পেছনে কলকাঠি নাড়ছেন ট্রলারমালিকেরা। বিকল্প উপায় না থাকায় বাধ্য হয়ে তাঁদের অনুমোদনহীন ট্রলারে যাতায়াত ও পণ্য পরিবহন করতে হচ্ছে। এতে দুর্ঘটনায় যেকোনো সময় জীবনহানি ঘটতে পারে।
মনপুরার বাসিন্দা আবদুল্লাহ জুয়েল বলেন, সাগর মোহনায় এখন উত্তাল ঢেউ। নতুন কেউ ট্রলারে উঠলেই অসুস্থ হয়ে পড়ছেন৷ তবু ঝুঁকি নিয়েই উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে মানুষ। গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো যাচ্ছে না৷
মনপুরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, ২০১০ সাল থেকেই সি-ট্রাকটি ঘন ঘন বিকল হচ্ছে৷ এটি বন্ধ হওয়ার পেছনে ইজারাদার ও সি-ট্রাকের কর্মচারীদের যোগসাজশ রয়েছে। তিনি জানান, সি-ট্রাকের চলাচল বন্ধ থাকায় কয়েকজন মাঝির ট্রলারে লোকজন ও পণ্য আনা-নেওয়া করা হচ্ছে৷ প্রতিদিন তাঁরা ২০-৩০ হাজার টাকা আয় করছেন।
সি-ট্রাকটি ইজারা বাবদ সরকারের কোষাগারে প্রতিদিন দেড় হাজার টাকা জমা হয়। অভিযোগ উঠেছে, সি-ট্রাক বন্ধ রাখার জন্য প্রতিদিন এর ইজারাদার ও মাস্টার ড্রাইভারকে ট্রলারের মালিকেরা চার-পাঁচ হাজার টাকা দিচ্ছেন।
এ সম্পর্কে ইজারাদার প্রতিষ্ঠানের অংশীদার মো. নুরুদ্দীন বলেন, ‘সি-ট্রাক পরিচালনা করেন আলফি এন্টারপ্রাইজের দিদারুল ইসলাম রাব্বি। টাকা নিয়ে ট্রিপ বন্ধ রাখার বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন। আমি কিছু জানি না।’
গতকাল মঙ্গলবার দিদারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে সি-ট্রাকের মাস্টার সাইদুর রহমান বলেন, ‘গত শুক্রবার বৈরী আবহাওয়ার কারণে খালে সি-ট্রাকটি নোঙর করা হয়। ভাটায় আটকে এর সুকান বিকল হয়েছে। বুধবারের আগে এটি চালু হবে না।’
জেলা প্রশাসক সেলিম উদ্দিন বলেন, মনপুরার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সি-ট্রাকটি সব সময় সচল রাখা দরকার। কী কারণে এর চলাচল বন্ধ হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।