মনপুরা-তজুমদ্দিন সি-ট্রাক চালু
ভোলার মনপুরা-তজুমদ্দিন নৌপথে প্রায় আট মাস পর গত সোমবার সি-ট্রাক চালু হয়েছে। এতে মনপুরা উপজেলার লোকজনের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। তাঁরা সারা বছরের জন্য নিরাপদ নৌযানের দাবি করেছেন।
মনপুরা উপজেলার লক্ষাধিক মানুষের নিরাপদ চলাচলের একমাত্র সি-ট্রাকটি গত বছরের সেপ্টেম্বরে বিকল হয়ে যায়।
সি-ট্রাক বিকল হওয়ার পর ওই পথে ছোট ছোট ট্রলার চলাচল করত। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনার উত্তাল ঢেউয়ে ট্রলারে চলতে গিয়ে অনেক সময় যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন।
ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, নদীবেষ্টিত মনপুরার লক্ষাধিক লোক সি-ট্রাক ছাড়া অচল। এটি ছাড়া তাঁদের নিরাপদ কোনো নৌযান নেই। এ জন্য এই নৌপথে সারা বছর চলতে পারে এমন একটি সি-ট্রাক দরকার।
মনপুরার বাসিন্দা শিক্ষক আবদুল্লাহ বলেন, আট মাস রোদে পুড়ে, বৃষ্টি ও ঢেউয়ের পানিতে ভিজে যাত্রীরা চরম ভোগান্তি সয়েছেন।
মনপুরা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মাহবুব আলম বলেন, ২০০৬ সাল থেকে বারবার সি-ট্রাক বিকল হচ্ছে। ২০১৪ সালের জুনে কয়েক দফায় সি-ট্রাকটি বিকল ছিল। সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, সি-ট্রাকটি ঘন ঘন বিকল হওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। অবৈধ ট্রলারে করে পণ্য মনপুরায় আনার পথে পানিতে ভিজে নষ্ট হয়েছে।
মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী বলেন, একটি নতুন সি-ট্রাকের দাবিতে বিগত সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মনপুরাবাসী এখন এ সমস্যার স্থায়ী সমাধান চান।
সি-ট্রাক ইজারা নেওয়া প্রতিষ্ঠান আলফি এন্টারপ্রাইজের পরিচালক নুরুদ্দীন বলেন, কর্তৃপক্ষ তাঁকে ইজারার কাগজপত্র বুঝিয়ে দিয়েছে জানুয়ারিতে। কিন্তু সি-ট্রাকটি বুঝিয়ে দেয় গত সপ্তাহে। আশা করা হচ্ছে, এটি এখন ঠিকমতো চলবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় প্রশাসন ভোলার সব নৌপথকে মৌসুমি অশান্ত নৌপথ (ডেঞ্জার জোন) দেখিয়ে ১৫ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। এ সময় বে-ক্রসিং সনদধারী ছাড়া অন্য সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।