মনপুরা রক্ষায় চাই সংযোগ বাঁধ
মন ভোলানো এক দ্বীপের নাম মনপুরা। এই দ্বীপটিই ভোলার মনপুরা উপজেলা। মেঘনার ভাঙনে নাকাল বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, একটি সংযোগ বাঁধ (ক্রস ড্যাম)। আর এই বাঁধই মনপুরাকে বাঁচাতে পারে।দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ২৫ কিলোমিটার ও প্রস্থ প্রায় চার কিলোমিটার। দ্বীপে বাস করে এক লাখ ২০ হাজার মানুষ। এর ৯০ শতাংশ মৎস্য পেশার সঙ্গে জড়িত। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই দ্বীপের বনে বনে চরে বেড়ায় হরিণের পাল। গাছে গাছে দেখা যায় হরেক রকমের পাখি আর বানর। দ্বীপের চারপাশে থই থই পানি। দ্বীপটি এখন মেঘনার করালগ্রাসের মুখে রয়েছে। এ বর্ষায় মনপুরার আন্দিরপাড় এলাকায় কমপক্ষে দুই বর্গকিলোমিটার এলাকা মেঘনায় বিলীন হয়েছে। এতে প্রায় দুই হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভাঙন রোধে শিগগির ব্যবস্থা না নিলে গোটা দ্বীপই হয়তো নদীতে বিলীন হয়ে যাবে। ভোলার পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার প্রথম আলোকে জানান, মনপুরাবাসীর এই দাবির পরিপ্রেক্ষিতে ২৮ জুলাই বরিশাল বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. গুলজার হোসেন ‘মনপুরা উপজেলার কলাতলীর চর ও মনপুরা আন্দিরপাড়ের সংযোগ বাঁধ নির্মাণ ও এর উপকারিতা কী’ শীর্ষক একটি প্রতিবেদন তৈরির নির্দেশ পাঠান। প্রাথমিক জরিপ শেষে প্রতিবেদন তৈরি করা হয়। ৬ আগস্ট ওই প্রতিবেদন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান পরিকল্পনা বিভাগে পাঠানো হয়। এর অনুলিপি বিভাগীয় প্রধান প্রকৌশলীর কাছেও পাঠানো হয়।যে কারণে এই ভাঙন জরিপ প্রতিবেদন ও সরেজমিনে দেখা গেছে, মেঘনার শাহাবাজপুর চ্যানেল, হাতিয়া চ্যানেল ও নোয়াখালী চ্যানেলের ত্রিমুখী স্রোত মনপুরার উত্তরে আঘাত হানছে। দ্বীপটির আন্দিরপাড় এলাকায় উত্তরমুখো হয়ে দাঁড়ালে দেখা যায়, পূর্ব-দক্ষিণে চর ফয়জুদ্দিন ও জাগলার চরের মধ্য দিয়ে হাতিয়া চ্যানেলের স্রোত মনপুরায় আঘাত করছে। আবার জাগলার চর ও ঢাল চরের মধ্যে দিয়ে নোয়াখালী চ্যানেলের স্রোতও মনপুরায় আঘাত করছে। পশ্চিমে সোনার চর ও উত্তর-পশ্চিমে চর মোজাম্মেল ও কলাতলীর চরের মধ্য দিয়ে শাহাবাজপুর চ্যানেলের স্রোত মনপুরায় আঘাত হানছে। এ চ্যানেলগুলোর জোয়ার-ভাটার তীব্র স্রোত, উজান থেকে আসা প্রবল পানিপ্রবাহ, পলিমাটির চাপ ও প্রবল ঢেউয়ের ফলে মনপুরার উত্তরে ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। এতে ভাঙন তীব্র আকার ধারণ করে। সংযোগ বাঁধ দাবিমনপুরা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে কলাতলীর চরের আশপাশে চর পড়ছে। মনপুরা ২ নম্বর ওয়ার্ডের আন্দিরপাড় এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন হাওলাদার জানান, শীত মৌসুমে ভাটার সময় মনপুরা থেকে কলাতলীর দূরত্ব থাকে মাত্র দুই-তিন শ মিটার। গভীরতা থাকে ১৫-২০ ফুট। বাকি সব এলাকায় চর পড়ে যায়। স্থানীয় বেশ কয়েকজন লোকের সঙ্গে কথা বলে একই তথ্য পাওয়া গেছে। মনপুরাবাসীর দাবি, মনপুরা আন্দিরপাড় থেকে কলাতলীর চর পর্যন্ত একটি সংযোগ বাঁধ দেওয়া হলেই এই দ্বীপ রক্ষা পাবে। চর পড়ে মনপুরা আবারও ফিরে পাবে পুরোনো ঐশ্বর্য। মনপুরা ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, মনপুরার আশপাশে একাধিক ডুবোচর পড়েছে। যেগুলো মূল চ্যানেলের গতি পরিবর্তন করছে। সংযোগ বাঁধ নির্মাণ করা হলে নদীর গতি পরিবর্তন হবে। তখন ওই ডুবোচরগুলো ভেঙে ুমূল চ্যানেলের স্রোতধারা বৃদ্ধি পাবে এবং মূল ভূখণ্ড সাবেক চেহারা ফিরে পাবে। সংযোগ বাঁধের গুরুত্বকলাতলীর চরে বসবাস করে কমপক্ষে ১৫ হাজার পরিবার। এটি মনপুরার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। কিন্তু নদীভাঙনের মুখে রয়েছে এই চর। চরের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘নদীভাঙনে সব শ্যাষ। পইখের মতো ঝড়-তুফানের লগে যুদ্ধ করি। গত আমাবইষ্যার সুম জোয়ারের পানি ঘরের চালাত উইটছে। কিয়ারুম পোলাইন-ছালাইন লই গাছে উডি রইছি।’ মনপুরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, মনপুরা আন্দিরপাড় থেকে কলাতলী সংযোগ বাঁধ হলে মূল ভূখণ্ড তজুমদ্দিন থেকে মাত্র ২০ মিনিটে মনপুরায় পৌঁছানো যাবে। এখন নৌপথে পৌঁছাতে সময় লাগে কমপক্ষে দেড় ঘণ্টা।সংযোগ বাঁধবিষয়ক প্রতিবেদনের সর্বশেষ অবস্থা জানতে চাইলে প্রকৌশলী মো. শেখ ফরিদ বলেন, প্রতিবেদনটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।