মনপুরায় দুই ট্রলারে ডাকাতি, ৩০ জেলেকে পিটিয়ে নদীতে নিক্ষেপ
ভোলার মনপুরা উপজেলার চর নিজামের দক্ষিণে সাগর মোহনায় গতকাল বুধবার মাছ ধরার দুটি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ৩০ জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। জলদস্যুদের গুলিতে আহত হয়েছেন এক জেলে। জলদস্যুরা দুটি ট্রলারের সব মালামাল একটি ট্রলারে উঠিয়ে তিন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। আহত জেলেরা সাঁতরে ও অন্য নৌকার সহায়তায় বিকেলে মনপুরায় ফিরে আসেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ট্রলারের মালিক মো. ওলিউল্লাহ এবং অপর ট্রলারের মালিক আক্তার হোসেন মাঝি বলেন, গতকাল ভোর সাড়ে চারটার দিকে মাছ ধরে ফেরার পথে মনপুরা ও হাতিয়া উপজেলার দক্ষিণ সাগর মোহনায় জলদস্যু কালাম বাহিনী তাঁদের দুটি ট্রলার ধাওয়া করে। একপর্যায় দস্যুরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় জেলে মমিন গুলিবিদ্ধ হন। জলদস্যুরা ট্রলারে থাকা ৩০ জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। দুই ট্রলারের মালামাল, মাছ ও জাল লুট করে একটি ট্রলারে উঠিয়ে জেলে হারুন অর রশিদ, আলমগীর হোসেন ও নজরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। গতকাল বিকেলে আহত জেলেদের মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।