মনপুরায় লাশ উদ্ধার, ধারণা এমভি কর্ণফুলীর
ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকোতিয়া এলাকার মেঘনা নদীর চর থেকে পুলিশ আজ বুধবার সকাল সাড়ে ১০টায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশটি এমভি কর্ণফুলীর নিখোঁজ ছয়জনের কারও হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
খবর পেয়ে আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর থানার পুলিশের একটি দল লাশটি আনার জন্য মনপুরার উদ্দেশে রওনা হয়েছে। গত রোববার জাহাজের চালক নুর নেওয়াজের লাশ উদ্ধার হয়।
উল্লেখ্য, এমভি কর্ণফুলী-৫ লাইটার জাহাজটি গত শুক্রবার ভোর ছয়টায় চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৭২০ মেট্রিক টন সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে আসে। পথে জাহাজটির সাতজন নিখোঁজ হন। ঘটনার দিন রাতেই নদী থেকে জাহাজের গ্রিজার পারভেজকে জেলেরা উদ্ধার করে পুলিশের হেফাজতে দেন। আর পরের দিন সকালে জাহাজের কেবিন থেকে অবরুদ্ধ অবস্থায় মাহাবুব ও জাহিদ নামের দুজনকে উদ্ধার করা হয়।
আজ মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, সকাল সাড়ে আটটায় দুর্গম দক্ষিণ সাকোতিয়া এলাকায় মেঘনা নদীর একটি চরে লাশ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন। সকাল সাড়ে ১০টায় সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
ওসি জানান, উদ্ধার করা লাশটি ৩০-৩৫ বছর বয়সের কোনো ব্যক্তির। তাঁর গায়ে সাদা গেঞ্জি ছিল। মাথায় আঘাতজনিত ক্ষত এবং পিঠে মারধরের আঘাত ছিল।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আঘাতের ধরন ও বয়স বিবেচনা করে মনপুরায় উদ্ধার করা লাশটি এমভি কর্ণফুলীর নিখোঁজ মাস্টার শেখ এনামুল হোসেন অথবা সুকানি শাফিনুর রহমান শাকিলের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি কমলনগরে আনার জন্য পুলিশের একটি দলকে মনপুরায় পাঠানো হয়েছে। আজ সন্ধ্যানাগাদ লাশটি নিয়ে তারা কমলনগরে পৌঁছাতে পারে। লাশ শনাক্ত করার জন্য মাস্টার ও সুকানির পরিবারের লোকজনকে কমলনগর থানায় আসতে বলা হয়েছে।
ওসি আরও বলেন, গত রোববার রাতে রামগতি থানার পুলিশ উপজেলার সেন্টার খাল মাছ ঘাটের অদূরে মেঘনা নদী থেকে জাহাজের চালক নুর নেওয়াজের লাশ উদ্ধার করে। জাহাজের চার্টার মালিক (ভাড়াটে মালিক) আবদুস সালাম জাহিদ লাশটি শনাক্ত করেন।