মনপুরায় ১৫টি ভবন ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডসহ (বিআরডিবি) সরকারি-বেসরকারি কার্যালয়ের ১৫টি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এগুলোর অবস্থা করুণ। এতে র্কমকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ ও বসবাস করছেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মুখ্য বিচারিক হাকিমের আদালত, পানি উন্নয়ন বোর্ড, কারিতাস বাংলাদেশের রেস্টহাউস, উপজেলা পরিষদের কর্মকতা ও কর্মচারীদের ছয়টি আবাসিক ভবন এবং বন বিভাগের পাঁচটি ভবনের অবস্থা খারাপ। এগুলোর দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তারা খসে রড বের হয়ে গেছে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুভাস চন্দ্র বসু জানান, তাঁদের দোতলা ভবনটি ১৯৮৬-৮৭ অর্থবছরে নির্মাণ করা হয়। পাঁচ বছর আগে ভবনের পলেস্তারা খসে পড়া শুরু হয়। এখন ভবনের বিভিন্ন অংশে রড বের হয়ে আছে এবং ছাদ ও কলামে ফাটল ধরেছে। নতুন ভবন নির্মাণের জন্য ঢাকায় বিআরডিবির প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। গত মে মাসে মনপুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি দল ভবনটি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেয়।

সরেজমিনে দেখা গেছে, বিআরডিবির ভবনটির বেশির ভাগ স্থানে পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। ছাদ ও কলামে ফাটল ধরেছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও ভবনটি ব্যবহার করা হচ্ছে। এর দোতলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ও বিআরডিবির একাধিক প্রকল্পের কাজ চলছে। ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও কেন ভবনটি ব্যবহার করছেন জানতে চাইলে বিআরডিবির মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন মিয়া জানান, মনপুরায় তাঁদের কার্যালয়ের কার্যক্রম চালানোর জন্য উপযুক্ত ঘর ভাড়া পাওয়া যাচ্ছে না। এ কারণে তাঁরা এখানেই কাজ করছেন।

মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম বলেন, ‘মনপুরা রেঞ্জে পাঁচটি ঝুঁকিপূর্ণ ভবন আছে। এগুলোয় আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি।’

উপজেলা প্রকৌশলী তৈয়বুল হামিদ চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে এগুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

ইউএনও আবদুল্লাহ আল বাকী বলেন, মনপুরা উপজেলা একটি দুর্যোগপূর্ণ এলাকা। উপজেলা প্রকৌশলীকে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করতে বলা হয়েছে। ওই তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিটি বিভাগের মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।