মনপুরার ৫৪ জেলে এখনো নিখোঁজ
ঘূর্ণিঝড় কোমেনের সময় ভোলার ৮০ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত ২৫ জনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ আছেন ৫৪ জন জেলে।
গত ২৯ জুলাই রাতে চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের মনুরা মাছঘাটের আবদুল গনি বদ্দার ও আল আমিন মাঝির দুটি মাছ ধরার নৌকা এবং মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া গ্রামের নীরব সারেং মাঝি, শাহে আলম মাঝি ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সালাউদ্দিন মাঝির তিনটি মাছ ধরার নৌকা সাগরে নিখোঁজ হয়। এসব নৌকায় ৮০ জন জেলে ছিলেন।
মনুরা ঘাটের মৎস্য ব্যবসায়ী আবদুর রহিম বলেন, নিখোঁজ হওয়ার চার দিন পর গত সোমবার অক্ষত অবস্থায় ২০ জন জেলেসহ চরফ্যাশনের দুটি নৌকা ঘাটে ফিরে আসে। ঝড় দেখে ওই দুটি নৌকা আরও দক্ষিণে চলে যাওয়ায় ঝড়ের কবল থেকে রক্ষা পায়।
মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, তাঁর ইউনিয়নের চর গোয়ালিয়া গ্রামের দুটি নৌকা ডুবে যায়। এতে ৪২ জন জেলে ছিলেন। নীরব সারেং মাঝির নৌকার ২২ জেলের মধ্যে জলিল সরদারের ছেলে রফিক সরদারের লাশ রোববার রাতে সন্দ্বীপে পাওয়া গেছে। শাহাবুদ্দিন নামের এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। বাকি ২০ জন এখনো নিখোঁজ আছেন। আর শাহে আলম মাঝির নৌকার ২০ জন জেলের মধ্যে সিরাজ (৪৮), জসিম উদ্দিন (৪৫), শাহিন (২৩) ও ফিরোজকে (২৪) উদ্ধার করা হয়েছে। ১৬ জন জেলে এখনো নিখোঁজ আছেন।
দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল বলেন, কোমেনের তিন দিন আগে দক্ষিণ সাকুচিয়া গ্রামের সালাউদ্দিন মাঝির ট্রলারে করে ১৮ জন জেলে সাগরে মাছ ধরতে যান। এর মধ্যে তাঁর ইউনিয়নের ১৪ জন ছিলেন। উত্তর সাকুচিয়ার ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, তাঁর ইউনিয়নের চারজন জেলে ওই ট্রলারে ছিলেন। গতকাল পর্যন্ত ১৮ জনের কারও খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ গত ২৯ জুলাই মুঠোফোনে তাঁদের সঙ্গে কথা বলা গেছে।
নিখোঁজ জেলে নীরব সারেং মাঝি ও রুবেলের বড় ভাই মো. কবির হোসেন, ভাগনে বেল্লাল হোসেনসহ স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজ সবাই মনপুরার নিবন্ধিত জেলে। তাঁদের স্বজনেরা সাগরের আশপাশে, নদীতে খুঁজে বেড়াচ্ছেন। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা নিখোঁজ জেলেদের তল্লাশিতে কোনো রকম তৎপরতা চালাচ্ছে না। নিখোঁজদের পরিবারে মাতম চলছে। তারা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। মনপুরা থানার ওসি হানিফ শিকদার বলেন, উত্তর ও দক্ষিণ সাকুচিয়ার ৫৪ জন জেলে নিখোঁজ আছেন। তাঁদের খোঁজার জন্য সন্দ্বীপ থানার ওসি ও চট্টগ্রামের পুলিশ সুপারকে জানানো হয়েছে।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা নেই এ কথা সঠিক নয়। সাগর উত্তাল থাকায় নৌবাহিনী ও কোস্টগার্ড একটু সমস্যায় পড়েছে। তারপরও চেষ্টা অব্যাহত আছে। জীবিত উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত জেলের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।