মনপুরায় অনির্দিষ্টকালের টেম্পো ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার টেম্পো, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এতে দূর্ভোগে পড়েছে যাত্রীরা।ভ্রাম্যমাণ আদালতের নামে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী গাড়িচালকদের লাঠিপেটা, গাড়ি ভাঙচুর ও অযথা হয়রানি করছে—এই অভিযোগ তুলে মালিক ও চালক সমিতি এই ধর্মঘটের ডাক দেয়। উল্লেখ্য, গত শনিবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।গতকাল সোমবার মনপুরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অটোরিকশা, টেম্পো মালিক সমিতির নেতারা বলেন, মনপুরায় প্রায় পাঁচ শ যাত্রীবাহী টেম্পো (সেচযন্ত্রচালিত টেম্পো), মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। এ ধরনের যানবাহন চলাচলের জন্য সরকারের পক্ষ থেকে কোনো কাগজপত্র দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গাড়িপ্রতি ১০০ টাকা করে মাসোহারা দিয়ে তাঁরা গাড়ি চালিয়ে আসছেন। নেতারা বলেন, সঠিক কাগজপত্র না থাকলে জরিমানা আদায় করা যেতে পারে। কিন্তু তা না করে পুলিশ গাড়ির কাচ ও বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর এবং চালক ও যাত্রীদের মারধর করছে। তাঁরা বলেন, এর সুষ্ঠু বিচার না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।এর আগে গত রোববার রাতে অটোারকশা, টেম্পো ও হোন্ডা মালিক সমিতি যৌথভাবে হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম বলেন, মনপুরায় যেসব যাত্রীবাহী যান চলাচল করছে, সেগুলোর সঠিক কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, গাড়ি ভাঙচুর, চালক ও যাত্রীদের পিটিয়ে আহত করার অভিযোগ সত্যি নয়।