মনপুরায় আরও তিন জলদস্যুর চোখ নষ্ট করে দিয়েছেন জেলেরা
ভোলার মনপুরা উপজেলার সাগর মোহনায় গত বুধবার রাতে বিক্ষুব্ধ জেলেরা হামলা চালিয়ে আরও তিন জলদস্যুর চোখ নষ্ট করে দিয়েছেন। এ নিয়ে গত তিন দিনে জলদস্যু সন্দেহে মোট ১১ জনকে পিটুনি দিয়ে চোখ নষ্ট করে দিলেন জেলেরা।এদিকে, গত মঙ্গলবার পিটিয়ে মারা পাঁচ জলদসু্যুকে বুধবার রাতে ভোলা পৌরসভার কবরস্থানে দাফন করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোলার মনপুরা উপজেলার চরনিজামে গত বুধবার রাতে বিক্ষুব্ধ জেলেরা তিন জলদস্যুকে আটক করে পিটুনি দেন এবং চোখ খুঁচিয়ে নষ্ট করে দেন। এ তিন জলদস্যু হচ্ছেন, লালমোহন উপজেলার মোশারেফ হোসেন (৩০), চরনিজামের ইব্রাহিম কালু (৩০) ও চট্টগ্রামের সীতাকুণ্ডের জামাল হোসেন (২৫)। এ ছাড়া চরফ্যাশন উপজেলার দুর্গম ঢালচরের বন থেকে মো. ফারুক নামের আরও একজনকে আটক করে পিটুনি দিয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশে সোপর্দ করেছেন জেলেরা।পুলিশ জানায়, গত বুধবার দিনে ও রাতে মনপুরায় বিক্ষুব্ধ জেলেদের হাতে আটক হওয়া নয়জনের মধ্যে সাতজনের চোখ নষ্ট করে দিয়েছেন জেলারা। আর চরফ্যাশনের ভাসানচরে বুধবার চারজনের চোখ নষ্ট করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজন চরফ্যাশন ও দুজন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।আনজুমানে মুফিদুল ইসলামের সাধারণ সম্পাদক শওকাত হোসেন জানান, গত মঙ্গলবার চরফ্যাশনের ভাসানচরে জেলেদের গণপিটুনিতে নিহত হওয়া পাঁচ জলদস্যুর লাশের ময়নাতদন্ত শেষে বুধবার রাতে ভোলা পৌরসভার কবরস্থানে দাফন করা হয়েছে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন ও মনপুরা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, জলদস্যু হত্যা, অস্ত্র উদ্ধার, ডাকাতি ও চোখ নষ্ট করার ঘটনায় চরফ্যাশনে তিনটি এবং মনপুরায় একটি মামলা হয়েছে।