মনপুরায় আরও দুটি লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর জলে ভাসছে লাশ। ইঞ্জিনচালিত নৌকায় করে চলছে স্বজনের লাশের সন্ধান। তীরে রাখা হয়েছে কফিন। গতকাল রোববার এ চিত্র ছিল ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে।ঝড়ের চতুর্থ দিন গতকালও মনপুরার পথ-ঘাট ও নদীতে ঘুরে বেড়াতে দেখা গেছে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনদের। গতকাল সকালে এবং শনিবার রাতে আরও দুটি লাশ পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার পাওয়া যায় পাঁচটি লাশ।স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে নিখোঁজ হওয়া জেলেদের লাশ জোয়ারের কারণে এখন সাগর থেকে নিজ এলাকায় ভেসে আসছে। গতকাল সকাল নয়টায় মনপুরা উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাটের কাছে মেঘনায় জাল পেঁচানো অবস্থায় পাওয়া যায় জেলে দুলালের (১৬) লাশ। তাঁর বাড়ি মাস্টার হাট গ্রামে। দুলালের লাশ শনাক্ত করার পর বুকফাটা আর্তনাদ করেন তাঁর বাবা আবুল কাশেম, মা রোজিনা আক্তার ও বোন আসমা। বিলোপ করতে করতে কাশেম বলেন, ‘ওরে নদী, তুই আর পোলারে খাইছোস, আমি কী দোষ করছিলাম।’এর আগে শনিবার রাতে চর নিজামে পাওয়া যায় জেলে বাহাউদ্দিনের (৪০) লাশ। বাহাউদ্দিন উত্তর সাকুচিয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। এদিকে বৃহস্পতিবার যে চারটি লাশ পাওয়া যায়, তার মধ্যে দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। ফলে লাশ দুটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে বলে জানান মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ কর্মকার। তিনি জানান, বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। তার পরও লাশের স্বজনদের পাওয়া যায়নি। নোয়াখালী, ভোলা ও চট্টগ্রামে বুধবারের ওই আকস্মিক ঝড়ে ২১ জনের মৃত্যু হয়। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় ৩৫-এ (সরকারি হিসেবে ৩৪; গতকাল মনপুরায় আরেকটি লাশ পাওয়া যায়)। এর মধ্যে ভোলারই ১২ জন। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক জেলে।