মনপুরায় উজাড় হচ্ছে বন, নেই প্রহরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার কলাতলী চরের সংরক্ষিত ম্যানগ্রোভ (শ্বাসমূলীয়) বন থেকে প্রতিদিন গাছ কাটা হচ্ছে। গত পাঁচ-ছয় বছরে কয়েক শ হেক্টরের বন উজাড় হয়েছে। বনের হরিণও মারা পড়ছে চরবাসীর হাতে। কিন্তু ওই বন পাহারা দেওয়ার জন্য কোনো প্রহরী নেই। ফলে অনেকে বনের গাছ কেটে বসতি গড়ে তুলছেন। মনপুরা রেঞ্জের রামনেওয়াজ বিট কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘কলাতলী চরের আলাউদ্দিন হাওলাদার ও তাঁর সহযোগীদের নেতৃত্বে বনের জমি দখল, বন উজাড় ও হরিণ নিধন হচ্ছে। বন্য প্রাণী নিধনের সঙ্গে আলাউদ্দিন ও তাঁর ভাইদের সম্পৃক্ততার বিষয়টি শুনেছি। দখলকারীরা বনের গাছ কেটে বিক্রি করছেন। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চেয়েও পাচ্ছি না। তবু নিজেরা কলাতলী চরের আশপাশে টহল দিয়ে প্রায়ই কাঠবোঝাই ট্রলার ধরছি। কয়েকবারই এসব ট্রলার-মালিকেরা আলাউদ্দিনের নাম বলেছেন।’ ভোলার পুলিশ সুপার বশির আহাম্মেদ বলেন, ‘ওই এলাকার প্রভাবশালী আলাউদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি। তাঁকে ওপর থেকে একটি মহল সমর্থন দিয়ে থাকে। তবে তাঁর বিরুদ্ধে প্রমাণসহ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ গত সপ্তাহে ওই বনে গিয়ে দেখা গেছে, অসংখ্য গাছ কেটে সেখানে ধান রোপণ করা হয়েছে। ধানখেতের মধ্যে গাছের গোড়াগুলো এখনো রয়েছে। খেতের পাশে একটি ঘর। ঘরের পাশে মাচা করে কাটা গাছ রেখে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, কলাতলীর চরে ১৫ হাজার মানুষ বসবাস করছে। এর মধ্যে দুই সহস্রাধিক পরিবার বনের দেড় একর করে জমি দখলে রেখেছে।উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন বাচ্চু চৌধুরী বলেন, কলাতলী চরের অনেক জমির মালিকানা নিয়ে বন বিভাগের সঙ্গে জমির মালিকদের মামলা চলছে। আলাউদ্দিন হাওলাদার বলেন, ‘কলাতলী চরের সব গাছ এমনিতেই হয়েছে। এখন বন বিভাগ এই বন তাদের বলে দাবি করছে। নদীভাঙনকবলিত লোকজন এই চরে আশ্রয় নিয়েছে। তাদের দেড় একর করে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এ জন্য আমি বা আমার পরিবারের কেউ কোনো টাকা নিইনি। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘কলাতলী চরের প্রায় এক হাজার ৬০০ হেক্টর বনের মধ্যে প্রায় এক হাজার ৩০০ হেক্টর সংরক্ষিত। বাকি বন সংরক্ষণের পথে। কিন্তু এই বন পাহারা দেওয়ার জন্য কোনো প্রহরী নেই। বন রক্ষায় আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য পাচ্ছি না। ফলে কলাতলী চরের ৪০০ থেকে ৫০০ হেক্টর বন উজাড় হয়েছে। কী পরিমাণ জমি বেদখল হয়েছে, তার হিসাব এখনো করা হয়নি।’ বন উজাড়ের পেছনে বন বিভাগের লোকজনের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। কিন্তু প্রমাণ পাচ্ছি না। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলী বলেন, ‘কলাতলীর চরের জমি বন বিভাগের। বন রক্ষার দায়িত্বও বন বিভাগের। আমরা ওই চরের জমি ইজারা দিচ্ছি না।’