মনপুরায় চরের ধান নিয়ে দুই পক্ষের উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার ঢাল চরের এক হাজার একর জমির ধান কাটা নিয়ে দুই প্রভাবশালী পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।এদের মধ্যে কামাল চৌধুরীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক সপ্তাহ ধরে মনপুরার দুই প্রভাবশালী চেয়ারম্যান জমির সব ধান লুট করেছেন। যে ধান লুট করতে পারেননি, সেখানে গত সোমবার রাতে আগুন লাগিয়ে দিয়েছেন। তাঁদের সহায়তা করছে প্রশাসন। চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের পক্ষের লোকজন বলেন, ‘কামাল চৌধুরী তাঁর শরিকদের ঠকিয়ে নিজেই কয়েক দশক ধরে জমি ও জমির ফসল নিজের গোলায় নিয়েছেন। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রকৃত মালিক ও কৃষকদের মধ্যে ধান বণ্টন করছি।’ঢাল চরের (চর ডেম্পিয়া) এগ্রিকালচার অ্যান্ড ডেইরি ফার্মের নির্বাহী পরিচালক কামাল চৌধুরী ও তাঁর সমিতির সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী, নেজামুল হক, কুতুবুদ্দিন, মহিউদ্দিন মিয়া, রাব্বী সাহেব, সেলিম মিয়াসহ অনেকে জানান, এ সমিতি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত। তাঁদের সংগঠনের ৩৬০ জন সদস্য। আরএস খতিয়ানে চর ডেম্পিয়া মৌজা বরিশাল বাকেরগঞ্জের রাজা রাজেশ কান্ত রায়ের জমিদারির অংশ ছিল। ওই জমিদারদের কাছ থেকে ওই ৩৬০ জন সদস্য প্রজা পত্তনি নিয়ে ৬৫ বছর ধরে তিন হাজার ৫৭০ একর জমি ভোগদখল করে আসছেন। তাঁরা অভিযোগ করেন, টাকার লোভ দেখিয়ে মনপুরা ইউনিয়নের আলাউদ্দিন হাওলাদার ও হাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এক সপ্তাহ ধরে এক হাজার একর জমির ধান লুট করেছেন। তবে আলাউদ্দিন হাওলাদার বলেন, ৬০-৬৫ বছর ধরে মনপুরার কামাল চৌধুরী ৩৬০ জন কৃষকের নামে ওই চরের কয়েক হাজার জমি একাই ভোগ দখল করছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সুজাউদ্দিন সাজু, জসিম হাওলাদার, আলী আকবর টুলু মিয়াসহ ১০০ জন জমির মালিকানা দাবিদার পরিষদের কাছে বিচার চেয়ে আবেদন করেন। এ অভিযোগের ভিত্তিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চরের ধান কেটে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে হাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরীও আছেন বলে জানান তিনি। সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সাইফুদ্দিন শাহিন বলেন, ‘মনপুরা ঢাল চরে ধান কাটার পর বর্গাচাষিদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। বাকি ধান জমা রেখেছি। জমির মালিকানা দাবি করা দুই প্রভাবশালী পক্ষকে নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বসবে। কাগজপত্র দেখে যার কাগজ আছে তাকেই বাকি ধান বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর কৃষকেরা শীতে আগুন পোহানোর জন্য কুটায় আগুন লাগিয়েছে, ধান পোড়ানো হয়নি।’ মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী জানান, সরকারি নথিপত্রে চর ডেম্পিয়ার বা ঢাল চর নামে কোনো চরের অস্তিত্ব নেই। তাই ওই চরটিকে খাস খতিয়ানভুক্ত করার প্রক্রিয়া চলছে। জমির মালিক সরকার। কামাল চৌধুরী যেসব কাগজপত্র দেখিয়েছেন, তাতে প্রমাণিত হয় না ওই জমির তাঁদের।