মনপুরায় ট্রলার ডুবে ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীর রামনেওয়াজ-কলাতলী নৌপথে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে একটি ট্রলার ডুবে গেছে। সর্বশেষ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ পথে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বে-ক্রসিং সনদধারী নৌযান বাদে সব ধরনের ট্রলার ও ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না।
ট্রলার দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেনকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মনপুরা ইউনিয়নের কলাতলী আবাসনঘাট থেকে ৭০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মনপুরার রামনেওয়াজ ঘাটের উদ্দেশে ছাড়ে। আবাসনঘাট থেকে ট্রলারটি প্রথমে যায় ঢালচর ঘাট। সেখান থেকে যাত্রী উঠিয়ে রওনা দেওয়ার ১০ মিনিটের মাথায় ট্রলারটির তলার কাঠ ছুটে যায় এবং মুহূর্তের মধ্যে যানটি ডুবে যায়। উদ্ধার হওয়া যাত্রীরা জানান, ওই সময় কোনো ঝড়-তুফান ছিল না। ফিটনেস না থাকায় ট্রলারটি ডুবে যায়।
উদ্ধারকাজে নিয়োজিত মো. শাহাবুদ্দিন বলেন, ট্রলারটি ডোবার সঙ্গে সঙ্গে তাঁরা ১০-১২টি ট্রলার নিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন। তাঁরা ডুবে যাওয়া ট্রলারটি ঘাটে টেনে আনেন। পরে কোস্টগার্ড এসে উদ্ধারকাজে তাঁদের সহায়তা করে। ২০ জনকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে সাকুচিয়ার জেসমিন (২২), তাঁর মেয়ে রূপা (৩), স্থানীয় একটি বিয়ের আমন্ত্রণে আসা নারায়ণগঞ্জের নুরুন্নাহারের ছেলে শিশু রনি (দেড় বছর), চর যতীনের তানজু (আড়াই বছর), কলাতলীর তাহমিনা (৩) ও দাসেরহাটের আয়েশা বেগমকে (৬৫) চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত নুরুন্নাহার জানান, তাঁর আরেক ছেলে জনি (৫) ও স্বামী বিল্লাল হোসেন নিখোঁজ রয়েছেন।
রামনেওয়াজ ঘাটের মমিন বেপারী ও শাহাবুদ্দিন বেপারীসহ একাধিক ব্যক্তি বলেন, নৌকায় ৫০ জনের বেশি নারী ও শিশু ছিল। তাদের অধিকাংশই উদ্ধার হয়নি। দুপুর ১২টার পরে মনপুরায় ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। নিখোঁজের সংখ্যা ২০ জনের বেশি হতে পারে। তবে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ আলী ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়টি লাশ পাওয়া গেছে এবং কোনো নিখোঁজ নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা বিভাগের ভোলার পরিদর্শক নাসিম আহমেদ বলেন, সমুদ্র আইনে মনপুরা উপজেলার সব নৌপথকে ‘মৌসুমি অশান্ত নৌপথ (ডেনজার জোন)’ ঘোষণা করে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত যাত্রীবাহী ট্রলার ও ছোট নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এ সময়ে বে-ক্রসিং সনদধারী নৌযান ছাড়া অন্য সব নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রলার ও ছোট নৌযান বন্ধ করার জন্য ওপর থেকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু চলতি বছরে এ পথে কোনো অভিযান হয়নি। কলাতলী-রামনেওয়াজ নৌপথে কোনো যাত্রীবাহী ট্রলার চলার অনুমোদন নেই।