মনপুরায় নিষিদ্ধ বেহুন্দি জালে মাছ-পোনা শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চ থেকে এপ্রিল—এ দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাল ফেলা নিষিদ্ধ হলেও ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে শত শত অবৈধ বেহুন্দি জাল দিয়ে জেলেরা জাটকা ও বিভিন্ন মাছের রেণু পোনা ধরছেন। জেলেরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে মোটা অঙ্কের টাকা চাঁদা দিয়ে তাঁরা অবৈধ জালে মাছ ধরছেন।১৩ ও ১৪ এপ্রিল সরেজমিনে দেখা যায়, মনপুরার কলাতলীর চর থেকে রামনেওয়াজ ঘাট, ঢালচরের মুখ, হাজীরহাট থেকে সাকুচিয়া পর্যন্ত মেঘনায় কয়েক হাজার বেহুন্দি জাল পাতা রয়েছে। এসব জালে জাটকা, বিভিন্ন মাছের রেণু পোনা ও নানা রকম জলজ প্রাণী ধরা পড়ে। দিনে দুবার এ জাল তোলা হয়।জেলেরা জানান, এসব জালে মাসে প্রায় ১৫ দিনে ১০ থেকে ৫০ হাজার টাকার মাছ ধরা পড়ে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক জানান, বেহুন্দি জালের ফাঁকা শূন্য দশমিক ১ বা ২ সেন্টিমিটার। জালটি পাতার পর নদীর তলদেশ থেকে উপরিভাগ পর্যন্ত স্থির থাকে।দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল বলেন, বেহুন্দি জাল মশারিজালের মতো। একটি মাছ ধরতে গিয়ে কয়েক লাখ জীবের বংশ ধ্বংস হয়। এসব কারণে এ জালটি নিষিদ্ধ করা হয়েছে।হাজীরহাট পুরাতন বাঁধের কাছে বেহুন্দি জালের জেলে ফরিদ বলেন, ‘কোস্টগার্ডের মাঝি ও পুলিশের ক্যাশিয়ার আইয়্যা টিয়া নেয়।’ সঙ্গে সঙ্গে আরেক জেলে মোস্তাফিজ বলেন, ‘ভাই, তাঁরা টিয়া নেয় না। মোবাইলের খরচা নেয়। আমগোরে অভিযানের খবরাখবর দেওন লাগে না? হেইতেরা (কোস্টগার্ড-পুলিশ) ধইরতো (ধরতে) না দিলে আমগো মাছ ধরোনের ক্ষমতা আছে?’ফরিদ ও মোস্তাফিজের মতো কলাতলী আবু হোসেন ঘাট এলাকার বেহুন্দি জালের মালিক মোস্তফা, সিরাজ, নেছার, ইউনুস, বেলাল, হাজীর হাটের অজিউল্যাহসহ অনেক জেলে অভিযোগ করেন, মনপুরা থানার ক্যাশিয়ার ও তজুমদ্দিন কোস্টগার্ড ক্যাম্পের নিয়োগ করা মাঝি মাসে দুবার এসে টাকা নিয়ে যান। কোস্টগার্ড ও পুলিশ যখন অভিযান চালায়, তখন খবর পেয়ে তাঁরা জাল পানিতে ডুবিয়ে ফেলেন বা জাল সরিয়ে ফেলেন।তজুমদ্দিন কোস্টগার্ডের পেটি অফিসার মো. বাছেত বলেন, ‘আমি নতুন এসেছি। যদি মাঝি সত্যিই বেহুন্দি জালের জেলেদের কাছ থেকে টাকা নিয়ে থাকে, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা অনীল চন্দ্র দাস বলেন, ‘আমি এবং ইউএনও কয়েকবার বেহুন্দি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। তার পরও আমাদের চোখের আড়ালে অনেকে বেহুন্দি জাল দিয়ে মাছ ধরছে।’ মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘থানায় কোনো ক্যাশিয়ারের পদ নেই। গরিব জেলেরা এখন মাছই পাচ্ছে না, টাকা দেবে কোত্থেকে। বেহুন্দি জাল ধরার জন্য আমি নিজে তিন থেকে চার দিন অভিযান চালিয়েছি। ঘুষ নেওয়ার অভিযোগ সত্য নয়।