মনপুরায় পুলিশের সেই অস্ত্র উদ্ধার
ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে পুলিশের ছিনতাই হওয়া অস্ত্রটি নয় দিন পর গত সোমবার মাস্টারহাট খাল থেকে উদ্ধার করা হয়েছে। এরপর এলাকার লোকজন এখন বাড়িঘরে ফিরে আসতে শুরু করেছে।প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে, ৫ জুন মনপুরার দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যার দিকে উত্তর সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে বিজয়ী ইউপি সদস্য নুরুল ইসলাম ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ মোল্লার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের সাতটি অস্ত্র ছিনতাই ও পুলিশ-আনসারের ১৫ জন সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়। ছয়টি অস্ত্র ওই দিন উদ্ধার হয়। বাকী একটি অস্ত্র উদ্ধারে পুলিশ ৫ জুন রাত থেকে বাড়ি বাড়ি অভিযান শুরু করে। ভয়ে ইউনিয়নের পুরুষেরা পালতে শুরু করেন। পালানোর সময় কয়েক দিনে কমপক্ষে ১০টি নৌকাডুবির ঘটনা ঘটে। ৬ জুন রাতে মেঘনায় একটি ডিঙ্গি নৌকা ডুবে চারজন নারী ও শিশু মারা যায়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল কবীর বলেন, অস্ত্রটি উদ্ধারের পর পুলিশ সাকুচিয়া ছাড়তে শুরু করেছে।’নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন বলেন, পুলিশ অস্ত্র খোঁজার নামে ইউনিয়নের মানুষকে জিম্মি করে রেখেছিল। ইউনিয়নের ২০ হাজার পরিবার নয় দিন মানবেতর জীবন কাটিয়েছে।