মনপুরায় ফের বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ভোলার মনপুরা উপজেলায় ছাত্রদলের কমিটি গঠন ও বিবদমান বিরোধের জের ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে গত শুক্রবার রাতে আবার সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে চার নেতাসহ ১০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মফিজুর রহমান মাতবর ও রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম, মামুনুর রশিদ, আবুল হোসেন প্রমুখ। তাঁদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার রাত আটটার দিকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা করলে বর্তমান ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সামসুদ্দিন বাচ্চু চৌধুরীর পক্ষ ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদারের পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমিন বলেন, ‘৬ আগস্ট কমিটি ঘোষণা করার পর থেকে ছাত্রদলের সাবেক কমিটির নেতারা এ পর্যন্ত আমাদের ওপর চারবার হামলা করে ৩০ জনকে মারধর করেছেন। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার।’ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন বলেন, ‘সামসুদ্দিন বাচ্চু চৌধুরী ঢাকায় বসে তাঁর ইচ্ছেমতো বিবাহিত ও অছাত্রদের নিয়ে উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছেন। তৃণমূল নেতাদের মূল্যায়ন না করায় ছাত্রদলের বঞ্চিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ।’ আবদুল মান্নান হাওলাদার বলেন, ‘বিএনপির কমিটি গঠনে এ রকম প্রক্রিয়া হবে বলে আমি উপজেলা বিএনপি থেকে পদত্যাগ করেছি। তবে ছাত্রদলের বিদ্রোহী পক্ষের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই।’ সামসুদ্দিন বাচ্চু চৌধুরী বলেন, ‘আবদুল মান্নান হাওলাদার বিগত সময়ে ও বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছেন। লায়ন নজরুল নামের এক ব্যবসায়ীকে বিএনপির সংসদ সদস্যপ্রার্থী করতে চাইছেন। তিনি তাঁর মনমতো সব কমিটি গঠন করতে চেয়েছিলেন। সেটি করতে না পারায় বিরোধিতার কারণে বিরোধিতা করছেন। ছাত্রদল নামধারী কিছু নিজস্ব ক্যাডার দিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাদের মারধর করছেন।’