মনপুরায় ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলা শহরের হাজিরহাট রাস্তার ওপর থেকে ফলের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২০০-২৫০ ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
গতকাল শনিবার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার পর গ্রেপ্তার আতঙ্কে ব্যবসায়ীরা পালিয়ে বেড়াচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বুধবার মনপুরা হাজিরহাট বাজারে পুলিশ ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৩০ জন গুলিবিদ্ধসহ ৪৬ জন আহত হন। এ ঘটনায় সেই সময় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের দোকান বন্ধ ধর্মঘটের ডাক দেন। পরে রাতে স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সহকারী পুলিশ সুপার সুষ্ঠু তদন্তসহ ব্যবসায়ীদের হয়রানি বা গ্রেপ্তার করা হবে না বলে আশ্বস্ত করলে ব্যবসায়ীরা রাতেই অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন।
হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান হাওলাদার বলেন, এএসপির আশ্বাসে বৃহস্পতিবার ব্যবসায়ীরা দোকানপাট খুললেও সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশি মামলার ভয়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা ওসির প্রত্যাহার দাবি করেছিলেন। সে দাবি না মেনে ওসিকে ঢাকা পাঠিয়ে দিয়েছেন।
এদিকে হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ ও আহত ব্যবসায়ীরা পুলিশের ভয়ে হাসপাতাল ছেড়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে অনেকে আবার পুলিশের ভয়ে মনপুরা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানান আহত ব্যবসায়ীদের স্বজনেরা।
ব্যবসায়ীরা আরও জানান, তাঁরা দোকান খুললেও মামলার আতঙ্কে রয়েছেন। ব্যবসায়ীদের যাতে পুলিশি মামলায় না জড়ানো হয় সে দাবি জানান তাঁরা।
রফিকুল ইসলাম জানান, মনপুরায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার মনপুরা থানায় অজ্ঞাত দুই শ থেকে আড়াই শ ব্যক্তির নামে মামলা দায়ের করেছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।
এ ব্যাপারে ভোলা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, মনপুরা থানার ওসি চিকিৎসার জন্য ঢাকা গেছেন। মনপুরার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।