মনপুরায় মাছের ঘাট দখলে নিল উপজেলা চেয়ারম্যানের বাহিনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলায় মঙ্গলবার একটি মাছের ঘাট দখল করে নেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যানের বাহিনী এ ঘাটটি দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, ঘাটটি দখল করে তারা সাধারণ ব্যবসায়ীদের মাছ কিনতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মনপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের পচা কোড়ালিয়া মাছের ঘাটটি দখল করে নেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজির আহাম্মদ মিয়ার জামাতা বাবুলের নেতৃত্বে হোসেন হাওলাদার, হাফিজ, জয়নাল, তোয়ান আলী, হজরত আলী মুন্সি, বাচ্চু, আবদুর রহিম মাঝি, আবদুল মালেকসহ ২০ থেকে ২২ জন ওই মাছের ঘাটে হামলা চালায়। এ সময় মাছব্যবসায়ী সিরাজ পালোয়ান ও ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমানের মাছের আড়তে হামলা চালিয়ে ক্যাশবাক্স ফেলে দেওয়া হয়। এ ঘটনায় যুবদল নেতা মনপুরা থানায় মঙ্গলবার জিডি করেছেন। সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান বলেন, চেয়ারম্যানের বাহিনী মনপুরার সব ঘাটে বিএনপিমনা মাছব্যবসায়ীদের মাছ কিনতে দিচ্ছে না। তারই ধারাবাহিকতায় ওই ঘাটে হামলা চালানো হয়েছে।উপজেলা চেয়ারম্যান নজির আহাম্মদ তাঁর ও তাঁর জামাতার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।