মনপুরায় মেঘনা থেকে তিনটি ট্রলার লুট, আহত ২১
মেঘনা নদীর ভোলার মনপুরা উপজেলার জাহাজমারা চর এলাকা থেকে একদল জলদস্যু গতকাল শুক্রবার মাছ ধরার তিনটি ট্রলার মাছসহ লুট করে নিয়ে গেছে। এ সময় জলদস্যুদের হামলায় ২১ জেলে আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। লুট হয়ে যাওয়া ট্রলার তিনটির মালিক মাকসুদ মাঝি, মোতালেব মাঝি ও আবুল কালাম মাঝি জানান, তাঁরা গতকাল ভোর রাতে মনপুরার হাজিরহাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে মেঘনায় জাল পাততে পাততে জাহাজমারা চর এলাকার সীমান্তে চলে যান। এ সময় নোয়াখালীর হাতিয়ার বনে অবস্থান করা জলদস্যু মুন্সিয়া বাহিনীর ৫০-৬০ জন সদস্য তাঁদের ট্রলারে এসে লুটপাট শুরু করে। এ সময় প্রতিরোধ করতে গেলে জলদস্যুরা জেলেদের কুপিয়ে ও মারধর করে নদীতে ফেলে দেয়। যাওয়ার সময় ট্রলারে থাকা সব মাছ লুট করে নিয়ে যায় এবং ট্রলার ফিরিয়ে আনতে জেলেদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। আহত জেলেরা হচ্ছেন মিজান, দুলাল, কালাম মাঝি, ফারুক, মোসলেহউদ্দিন, নাগর, জয়নাল, হালিম মাঝি, কাজল, মনির, জয়নাল ফরাজী, আব্দুর রহিম, ইলিয়াছ, নুরুদ্দিন, নীরব, জাহাঙ্গীর, আব্দুল গফুর, লোকমান, মন্তাজ উদ্দিন, মোসলেহউদ্দিন। মনপুরা থানার উপপরিদর্শক মো. ইউসুফ জানান, ট্রলার লুট করার ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।