মনপুরায় ১৫ দিনেও দুর্দশা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নদীত মাছ দরতাম যাইতাম পারি না। খ্যাতোর ফসল নাই, সব পইচ্যা গেছে। ঘরের চাল নাই, বিষ্টি আইলে পানি পড়ে। কাম নাই, কাজ নাই। কী করুম, কইতাম পারি না।’ কথাগুলো বলেন ভোলার মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিলাঝড়ে ক্ষতিগ্রস্ত জহির মাঝি (৪৫)।জহির নিজেও ডায়রিয়াসহ ব্যথাজনিত রোগে আক্রান্ত। অভুক্ত অবস্থায় কথা বলতে বলতে একপর্যায়ে তিনি কেঁদে ফেলেন। নিঃশ্বাস নিয়ে আবার বলেন, ‘ঘরে চাইড্ডা পোলাইন প্যাডের বোহে (খিদে) হারা দিন কান্দে। এট্টু পানি খাওয়ামু, হেও আধ মাইল দূরোর কলেত্তোন আইনতো অয়। সব পানি পচি গেছে। এহন কেউ কিছু দিলে খাই, না দিলে না খাই থাইকতো অয়।’সাগরমোহনায় মেঘনার মধ্যে জেগে ওঠা মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৯ এপ্রিলের শিলাঝড়ে ক্ষতিগ্রস্ত চার হাজার পরিবারের কান্না ১৫ দিনেও থামেনি। তাদের ঘরের চাল ও বেড়া টুকরো টুকরো হয়ে গেছে। ভেঙে গেছে কয়েক হাজার গাছ। প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল পানিতে নষ্ট হয়ে গেছে। মারা গেছে হাজার হাজার পশুপাখি।গত সোমবার এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিনেও ওই এলাকায় কোনো স্থায়ী চিকিৎসা ক্যাম্প বসেনি। স্বাস্থ্যকর্মীরা মাঝেমধ্যে এসে ঘুরে যান। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কোনো কাজ না থাকায় রোগের সঙ্গে পরিবারগুলোয় দেখা দিয়েছে খাদ্যসংকট। দক্ষিণ সাকুচিয়ার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসলেহ উদ্দিন (৪৫) বলেন, দক্ষিণ ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৯৯ শতাংশ মানুষ জেলে ও কৃষক। কিন্তু মেঘনায় দুই মাস (মার্চ-এপ্রিল) মাছ ধরা বন্ধ থাকায় তাঁরা বেকার হয়ে পড়েছেন। নদীতে মাছ ধরার পরিবর্তে তাঁরা খেত-খামারে কাজ করে, ফসল ফলিয়ে দিন চালাতেন; কিন্তু শিলাঝড়ে খেতের ফসল নষ্ট হয়ে গেছে। মারা গেছে গবাদিপশু ও হাঁস-মুরগি। পুকুরের পানি পচে মাছ মারা গেছে। ঘরে ঘরে দেখা দিয়েছে ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্ট রোগ। প্রতিদিন এক-দুবার বৃষ্টি হচ্ছে। সরকার কাউকে কাউকে পলিথিন দিয়েছে, কিন্তু বাতাস এসে তা উড়িয়ে নিচ্ছে। এ কারণে পরিবারগুলো রোদে শুকাচ্ছে, বৃষ্টিতে ভিজছে। গভীর নলকূপ কম থাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। অর্থের অভাবে ঘর সংস্কার করা তো দূরের কথা, দিনে দুবেলা খাবারই জুটছে না।দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্যাহ ও উত্তর সাকুচিয়া ইউপির চেয়ারম্যান জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্থ মানুষের এ মুহূর্তে বিশুদ্ধ পানি, ওষুধ, খাদ্য ও নিরাপদ আশ্রয় দরকার। কারণ, ঝড়ে খেতের সব ফসল নষ্ট হয়ে গেছে। পুকুরের মাছ, হাঁস-মুরগি ও গবাদিপশু মারা গেছে। জাটকা সংরক্ষণের জন্য নদীতে মাছ ধরা বন্ধ। তা ছাড়া নদীতে মাছও পড়ছে না। এ কারণে পরিবারগুলো অর্থনৈতিক দৈন্য দশায় ভুগে না খেয়ে আছে।একই দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী একটি চিকিৎসক দল দরকার। চিকিৎসকসংকট নিয়েও ভ্রাম্যমাণ একটি দল কাজ করছে; তা-ও আবার অভিজ্ঞ চিকিৎসক নেই।ভোলার সিভিল সার্জন ফরিদ আহম্মেদ বলেন, ওষুধ, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ বড়ি—কোনো কিছুর অভাব নেই; সংকট শুধু চিকিৎসকের। এ কারণে স্থায়ী চিকিৎসক দল বসানো যাচ্ছে না। তবে স্বাস্থ্যকর্মীরা দুর্গত এলাকায় সার্বক্ষণিক তদারকিতে আছেন।