মনপুরায় ৪০ লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলায় ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক গ্রাহকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গত শনিবার প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার বাদী উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের হাসিনা বেগম এজাহারে উল্লেখ করেন, প্রায় সাত মাস আগে লাইফওয়ে প্রাইভেট লিমিটেড মনপুরায় অবস্থিত কৃষি ব্যাংকের পেছনে একটি কক্ষ ভাড়া নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। নারীদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে সদস্য বানানো হয়। একজন গ্রাহক পাঁচ হাজার টাকা দিয়ে প্রথমে সদস্য হলে প্রতিষ্ঠানটি তাঁদের ৩৫০ টাকার বিভিন্ন মালামাল দিত। বাকি টাকা প্রতিষ্ঠানের কাছে জমা থাকত। গ্রামের অসহায় ও গরিব নারীদের লোভ দেখিয়ে চক্রটি ছয় শতাধিক সদস্যকে গ্রাহক করে। পরে তাঁদের প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটি।এজাহারে আরও বলা হয়, বিষয়টি টের পেয়ে কয়েক শ গ্রাহক গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে ভিড় জমায়। তাৎক্ষণিকভাবে পুলিশ জাহাঙ্গীর, ছালাহউদ্দিন ও মোছলেহউদ্দিনকে গ্রেপ্তার করে। পরদিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে মনপুরায় এলে পুলিশ ফাহিমা বেগম ও রোকসানা বেগম নামে আরও দুই নারীকে গ্রেপ্তার করে। শনিবার গ্রাহক হাসিনা বেগম বাদী হয়ে প্রতিষ্ঠানের ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড কোম্পানির বিপণন ব্যবস্থাপক হায়দার কবির বলেন, ‘মনপুরায় এই প্রতিষ্ঠানের কোনো শাখা নেই। তবে একটি অসাধু চক্র প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করেছে।’