মনমোহন প্রতিশ্রুতি ভেঙেছেন: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিযোগ করেছেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।গতকাল বৃহস্পতিবার সকালে দলের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এরশাদ এ অভিযোগ করেন। তিনি বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে দেশের মানুষ উৎকণ্ঠায় আছে। জাতীয় পার্টিও উদ্বিগ্ন। এই বাঁধ নির্মিত হলে সিলেটের নদী-হাওর শুকিয়ে যাবে। সামগ্রিকভাবে ব্যাহত হবে জীবন ও জীবিকা।টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্পের প্রতিবাদে সিলেট অভিমুখে লংমার্চ উপলক্ষে জাতীয় পার্টি বনানী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকাল শনিবার সকালে ঢাকার বনানী থেকে জাতীয় পার্টির লংমার্চ শুরু হবে। বিকেলে সিলেটের মাদ্রাসা ময়দানে জনসভার আয়োজন করবে। পরদিন রোববার সিলেট থেকে বরাক নদের বাংলাদেশের প্রবেশমুখ জকিগঞ্জে সমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হবে।এরশাদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশ্বাস দিয়েছিলেন, টিপাইমুখ বাঁধ প্রকল্পে এমন কিছু করা হবে না, যাতে বাংলাদেশের ক্ষতি হয়। কিন্তু টিপাইমুখ বাঁধ নিয়ে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই করেছে ভারত। এর মধ্য দিয়ে মনমোহন সিং যে আশ্বাস দিয়েছিলেন, তা ভঙ্গ হয়েছে বলে মনে করেন এরশাদ।সাবেক এই রাষ্ট্রপতি দাবি করেন, টিপাইমুখে বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, এ মর্মে একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় ভারতের কাছ থেকে নিশ্চয়তা আদায় করতে হবে। তিনি এই বাঁধ নিয়ে একটি যৌথ সমীক্ষা করে তা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান। তাঁর মতে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করতে হবে। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি না হলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত।