মনমোহনকে আমাদের সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, ভারতের গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তাদের সম্পর্কে বিভ্রান্ত করেছে। বাংলাদেশের এ দলটি সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত এ কথা বলেছে।গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম মনমোহন সিংকে ‘শুধু গোয়েন্দা সংস্থা ও বিদেশ বিভাগের ওপর নির্ভর না করে’ প্রকৃত অবস্থা বিবেচনা করার আহ্বান জানান।ভারতের প্রধানমন্ত্রী গত বুধবার নয়াদিল্লিতে সম্পাদকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা বলার পাশাপাশি বলেন, ‘...সেখানকার ২৫ শতাংশ মানুষ জামায়াতের সমর্থক এবং তারা প্রচণ্ড রকম ভারতবিদ্বেষী। তাদের ঘিরে বিভিন্ন সময় আইএসআই নানা রকম চক্রান্ত করছে।’আইএসআই (পুরো নাম ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স) পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা। পাশ্চাত্য ও ভারতসহ বিভিন্ন মহলের অভিযোগ, এ সংস্থাটির একটি অংশ জঙ্গিবাদে মদদ দিয়ে থাকে।এ টি এম আজহার মনমোহন সিংয়ের মন্তব্য ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন। প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জামায়াত আইএসআই কিংবা অন্য কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার পরামর্শে কাজ করেনি বা করে না। সার্বভৌমত্ব ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন জামায়াতের বৈদেশিক নীতির একটি মূলনীতি বলেও উল্লেখ করেন আজহার।