মনমোহনকে বাপার চিঠি বাহক কবুতর!
বাপার চিঠি। চিঠিতে লেখা ‘স্টপ টিপাইমুখ ড্যাম’। বাহক কবুতর। প্রাপক ‘মনমোহন সিং, প্রধানমন্ত্রী, ভারত’। এসবই বাস্তব। কেবল চিঠি পাঠানোটাই প্রতীকী।টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বরাক মোহনার অমলসীদে এ রকম গণপ্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। কর্মসূচিতে অমলসীদ এলাকার বাসিন্দারাও একাত্ম হন।দুপুর সাড়ে ১২টায় কর্মসূচির শুরুতে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম টিপাইমুখ বাঁধ নির্মাণে চুক্তি বাতিল ও টিপাইমুখ জলবিদ্যুৎ পরিত্যক্ত করার দাবিসংবলিত ঘোষণাপত্র পাঠ করেন। কর্মসূচিতে একাত্ম হওয়া স্থানীয় মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশের সীমানায় অবস্থিত অমলসীদ এলাকার কুশিয়ারা নদীর পাড়ে মানববন্ধন করেন। পরে ‘বরাক মোহনায় গণপ্রতিবাদ’ শীর্ষক এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল আউয়াল বিশ্বাস, বাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল ও আদিবাসী নেতা শ্রী গৌরাঙ্গ পাত্র।কর্মসূচিতে বাপার আদিবাসীবিষয়ক সিলেট বিভাগীয় সমন্বয়কারী ফাদার জোসেফ গোমেজ, আদিবাসী নেত্রী বাবলী তালাং, স্থানীয় স্কুলশিক্ষক জহির উদ্দিন, এম এ করিম, ব্যবসায়ী সেলিম আহমদ একাত্ম হয়ে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।বক্তৃতায় শরীফ জামিল বলেন, ‘বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল অতীতে ক্ষমতায় এসেছে, তাদের সবাই দেশের স্বার্থসংশ্লিষ্ট ব্যাপারে ভারতের ব্যাপারে নমনীয় ভূমিকা পালন করেছে। বর্তমান সরকারও এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এটা দেশবাসীকে চরম হতাশ করেছে।’ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যেতে চাইলে সবাইকে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতা করার জন্য বাপার পক্ষ থেকে আহ্বান জানানোর মধ্য দিয়ে ঘণ্টাব্যাপী গণপ্রতিবাদ কর্মসূচি শেষ করা হয়।