মনমোহনকে স্বাগত, স্বার্থবিরোধী চুক্তি হলে আন্দোলন: বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করা হলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।গতকাল শনিবার তারেক রহমানের কারামুক্তির তৃতীয় বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে সরকার সুস্পষ্ট কিছু বলছে না। এতে বাংলাদেশের স্বার্থরক্ষা হবে কি না, তাও তাঁরা জানতে পারছেন না। এসব চুক্তির বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান তিনি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তা পারস্পরিক আস্থা ও মর্যাদার ভিত্তিতে হওয়া উচিত। মির্জা ফখরুল ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, এর মধ্যদিয়ে তিস্তার পানিবণ্টন, সমুদ্রসীমা, সীমান্ত হত্যাসহ দুই দেশের মধ্যকার সমস্যাগুলোর সম্মানজনক সমাধান হবে বলে বিএনপি আশা করছে। তিনি তিস্তার পানিবণ্টন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ (বাধ্যবাধকতামূলক শর্ত) রাখার দাবি জানান।তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন ১৬ দিনও টিকবে না: গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া নির্বাচিত সরকার ১৬ দিনও টিকবে না।তারেক রহমানের কারামুক্তির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানের কারাবরণ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ। সংগঠনটির সভাপতি খালেদা ইয়াসমিন সভাপতিত্ব করেন।