মনমোহনের সঙ্গে এরশাদের বৈঠক
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের মধ্যে বৈঠক হয়।বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী জানান, টিপাইমুখ প্রকল্পে বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু করবে না ভারত সরকার। এ ক্ষেত্রে এরশাদ টিপাইমুখ নিয়ে দুই দেশের যৌথ জরিপের প্রস্তাব দেন।সংসদের আগামী অধিবেশনে আইন অনুমোদনের মাধ্যমে ছিটমহল হস্তান্তর প্রক্রিয়া শুরুর কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী। তিস্তা চুক্তি প্রসঙ্গে মনমোহন বলেন, বাংলাদেশ যে পরিমাণ পানি দাবি করছে, তার চেয়ে বেশি পানি পাচ্ছে। তবে এরশাদ বলেন, পানি কম-বেশি যা-ই হোক, চুক্তির মাধ্যমে এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন।