মনমোহনের সঙ্গে হাসিনার বৈঠকে বিএনপি উদ্বিগ্ন
ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে সম্পাদিত দুটি চুক্তিকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে সংসদে আলোচনা ছাড়াই ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়নে মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল শুক্রবার রাজধানীর আরমানিটোলার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ উদ্বেগের কথা বলেন। ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।বিএনপির মহাসচিব বলেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো সংসদে আলোচনা না করেই তা বাস্তবায়নে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হওয়ায় বিএনপি উদ্বিগ্ন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জানুয়ারিতে ভারত সফরকালে যেসব চুক্তি করেছেন, সেগুলো সংসদে আলোচিত হয়নি। চুক্তিতে কী আছে, দেশবাসী তা জানে না।থিম্পুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি দুটিকে স্বাগত জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, থিম্পুতে পরিষেবা খাত ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তাকে স্বাগত জানাচ্ছে। কিন্তু বিগত ২৫ বছরে সার্ক তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতকে দায়ী করে খোন্দকার দেলোয়ার বলেন, প্রতিবেশী দরিদ্র রাষ্ট্রগুলোর প্রতি যে দায়িত্ব পালনের কথা ছিল, ভারত তা পালন করেনি।বাংলাদেশের গণতন্ত্রের প্রশংসা করে মনমোহন সিংয়ের বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের নামে বাংলাদেশে যে বাকশালতন্ত্র চলছে, ভারত সেটাকেই সহযোগিতা করবে এবং তারা তা-ই চায়।’ তিনি বলেন, দেশে জরুরি অবস্থা জারির পেছনে যে কয়টি দেশের সমর্থন ছিল, তার মধ্যে ভারত উল্লেখযোগ্য। ২৯ ডিসেম্বর নীলনকশার নির্বাচনের মাধ্যমে একটি পুতুল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে ভারত।