মনমোহনের সফর নতুন করে আস্থার সংকট তৈরি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন করে আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে ওয়ার্কার্স পার্টি। তিস্তা চুক্তি না হওয়ায় বামপন্থী এই দল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছে।গতকাল রোববার ভারতের প্রধানমন্ত্রীর সফর মূল্যায়ন করে এই বিবৃতি দিয়েছে দলটির পলিটব্যুরো।কামরুল আহসানের সই করা ওই বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পরিবর্তে তৃণমূল সরকার ক্ষমতাসীন হওয়ায় সেখানে যে রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে, বাংলাদেশ সরকার তা বুঝতে ব্যর্থ হয়েছে। তারা জ্যোতি বসুর বামফ্রন্ট সরকারের মতো মমতা ব্যানার্জির সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করেছিল। কিন্তু তা হয়নি। বরং তিস্তা চুক্তি সম্পাদনে মমতা ব্যানার্জির শেষ মুহূর্তের নাটকীয় বাধা ভারতের প্রধানমন্ত্রীর পুরো সফরের ওপর কালো ছায়া ফেলেছে। এ ছাড়া তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই তিনবিঘা করিডর চব্বিশ ঘণ্টা উন্মুক্ত করে দেওয়া, ছিটমহল বিনিময় ও অপদখলীয় জমি হস্তান্তরের বিরুদ্ধে দাঁড়িয়েছে।বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামাতসহ ডানপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী এই সফরকে পুরোপুরি ব্যর্থ এবং দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি ও সমঝোতাকে বাংলাদেশের স্বার্থবিরোধী বলে প্রচার করছে। ভারতকে ট্রানজিটের নামে করিডর দেওয়া হয়েছে বলেও প্রচারণা চালাচ্ছে তারা। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ব্যাপারে এটা তাদের চিরাচরিত নেতিবাচক ও জাতীয় স্বার্থবিরোধী রাজনীতিরই বহিঃপ্রকাশ।ভারতের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শিগগিরই সমতার ভিত্তিতে তিস্তার পানি বণ্টনের বিষয়ে দুই দেশ চুক্তি সই করবে আশা প্রকাশ করে সংগঠনটি এই সফরে সম্পাদিত চুক্তিগুলোকে স্বাগত জানিয়েছে। বিজ্ঞপ্তি।