মনমোহনের সফর-প্রস্তুতি খতিয়ে দেখতে অগ্রবর্তী দল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর-প্রস্তুতি খতিয়ে দেখতে সে দেশের ছয় সদস্যের একটি অগ্রবর্তী দল গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছে। ভারতীয় দলটি মনমোহন যেসব জায়গায় যাবেন তা ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজির) মহাপরিদর্শক সুদীপ লাখতাকিয়ার। দলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ঢাকায় তিন দিনের সফরের সময় ভারতের অগ্রবর্তী দলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও হোটেল সোনারগাঁও ঘুরে দেখবে। এর পাশাপাশি তারা পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। দেশে ফিরে প্রতিনিধিদলটি সুপারিশ জমা দেবে। ওই সুপারিশ পর্যালোচনার পর দুই দেশ মনমোহনের সফরসূচি চূড়ান্ত করবে। এদিকে আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দুই দিনের সফরসূচি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সফরের প্রথম দিনে মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মনমোহন জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সফরের সময় একটি জনবক্তৃতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।