বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর বাংলাদেশের মানুষের জন্য হতাশাব্যঞ্জক।গতকাল শুক্রবার পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সাবেক সিপিবি নেতা সুনীল রায়ের দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় মনজুরুল আহসান খান এ কথা বলেন। মনজুরুল আহসান বলেন, সরকারকে মানুষের সমস্যা সমাধানে আরও সক্রিয় হতে হবে।প্রয়াত নেতা সুনীল রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিবি সভাপতি বলেন, তিনি দলের ও দেশের নানা সংকটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শে নতুন প্রজন্মকে সঠিক বিপ্লবী ধারায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিপিবির সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল রায় ২০০১ সালের ১০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। সভায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সিপিবির ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে স্মরণসভায় কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী বক্তব্য দেন। অন্যদের মধ্যে ঢাকা কমিটির নেতা সুকান্ত শফি চৌধুরী, অর্ণব সরকার, নাসির আহমেদ, সুমন সাহা ও বিকাশ সাহা বক্তব্য দেন।