অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় উভয় দেশের মধ্যে ট্রানজিটের কাঠামো চুক্তি হতে পারে। তবে মাশুল নির্ধারণের বিষয়ে ওই সময়ে কিছু হবে না।অর্থমন্ত্রী গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। আগামী ৬-৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের কথা।সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে অর্থমন্ত্রী ইউক্রেনের খাদ্যমন্ত্রী মিকোলা প্রিসিয়াজোকের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক বাবাটুন্ডে অসোটাইমহিনের সঙ্গে পৃথক বৈঠক করেন।আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ‘ট্রানজিটের ব্যাপারে আমার কথা বলা ঠিক হবে কি না, জানি না। তবে এটুকু বলতে পারি যে মনমোহনের সফরের সময় কাঠামো চুক্তিটি হতে পারে। আর আমার মনে হয় না, এ সময়ে ট্রানজিটের মাশুল নির্ধারণ করতে পারব।’ট্রানজিটের মাশুল নির্ধারণে সরকার ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রী বলেন, ‘কোর কমিটি একটি খসড়া প্রতিবেদন দাখিল করেছে। আমরা তা পর্যালোচনা করছি।’ ট্রান্সশিপমেন্টের মাশুলের ব্যাপারে তিনি বলেন, রেল ও নৌপথে মাশুল থাকে, এখনো রয়েছে। ট্রানজিটের ব্যাপারে সময় কম নেওয়া হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সময় নিচ্ছি-টিচ্ছির কিছু নেই। অনেক দিন ধরেই তো এ ব্যাপারে গবেষণা করা হচ্ছে।’ অনেকে বলছেন, ট্রানজিট দিলে বাংলাদেশের কোনো লাভ হবে না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা পুরোপুরিই কাণ্ডজ্ঞানহীন বক্তব্য।’পদ্মা সেতুর অর্থায়নসম্পর্কিত জটিলতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে ১৪ আগস্ট যোগাযোগ মন্ত্রণালয়ের পাঠানো চিঠির বিষয়টি মনে করিয়ে দিলে অর্থমন্ত্রী বলেন, ‘চিঠিটি আমি পড়েছি। এটি বড় কিছু না। দাতাদের মধ্যে সমন্বয়হীনতার একটু সমস্যা। বড় ও সম্মিলিত প্রকল্পের ক্ষেত্রে এটা হয়।’ এ সরকারের আমলে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে কি না, এ প্রশ্নে তিনি বলেন, ‘তা তো বটেই। এর মধ্যে তো অনেক চুক্তি হয়ে গেছে। তবে বর্তমান সরকারের আমলে নির্মাণকাজ সম্পন্ন করতে পারব কি না, সন্দেহ আছে।’