মনমোহনের সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির উদ্যোগ
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টনে একটি চুক্তি সই করতে চায় দুই প্রতিবেশী দেশ। এরই অংশ হিসেবে তিস্তার অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া চূড়ান্ত করতে আগামীকাল সোমবার থেকে ঢাকায় আলোচনায় বসছেন দুই দেশের পানিসম্পদ সচিব। পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ওই বৈঠকে ফেনী নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা হবে।জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠেয় জেআরসির দুই দিনের বৈঠকে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পানিসম্পদ সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান। আর ভারতের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের পানিসম্পদ সচিব ধ্রুব বিজয় সিং।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এ বছরের প্রথমার্ধে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের কথা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গত শুক্রবার দিল্লিতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ বছরের কোনো একসময় মনমোহন সিং ঢাকা সফর করবেন।জানতে চাইলে শেখ মো. ওয়াহিদ উজ জামান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘গত বছরের মার্চে দিল্লিতে জেআরসির মন্ত্রীপর্যায়ের বৈঠকে তিস্তার পানি বণ্টনে ১৫ বছর মেয়াদি অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের লক্ষ্যে আমরা একটি খসড়া উপস্থাপন করেছিলাম। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে বাংলাদেশ ওই খসড়া উপস্থাপন করে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার বিষয়ে ঢাকার বৈঠকে আলোচনা হবে।’বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানি বণ্টনের বিষয়ে কী প্রস্তাব দেওয়া হয়েছে জানতে চাইলে পানিসম্পদ সচিব বিষয়টি প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি উল্লেখ করেন, এ ক্ষেত্রে নায্যতা নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ‘আমরা আশাবাদী, ঢাকার বৈঠকে একটি ইতিবাচক সিদ্ধান্ত হবে।’মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেআরসির বৈঠকে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনে দুটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার বিষয় অগ্রাধিকার পাবে। এর পাশাপাশি অভিন্ন নদী মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমারের স্থায়ী ও দীর্ঘমেয়াদি পানি বণ্টন নিয়ে বৈঠকে আলোচনা হবে। এ ছাড়া ব্রহ্মপুত্রের উপনদী সুবর্ণসিড়িতে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের জলাধার নির্মাণ ও মুহুরী নদীর উজানে বাঁধ নির্মাণে ভারতের পদক্ষেপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি বৈঠকের অন্যতম আলোচনার বিষয়। তিস্তার পানি বণ্টনে বাংলাদেশের খসড়া প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তিস্তার পানির ন্যূনতম ২০ শতাংশ স্বাভাবিক প্রবাহের জন্য রেখে বাকি ৮০ শতাংশ পানি দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করার পক্ষপাতী বাংলাদেশ। কিন্তু ভারতের যুক্তি নদীর উৎসস্থল যেহেতু ভারতে, তাই তাদের হিস্যাটা হবে বেশি। এ নিয়ে মতপার্থক্য দূর না হওয়ায় চুক্তি হচ্ছে না। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ কিছুটা ছাড় দিয়ে চুক্তি সইয়ের কথা ভাবছে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রস্তাবিত হিস্যা থেকে সামান্য ছাড় দিতে তৈরি আছে। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা মনে করেন, এমন পরিস্থিতিতে চুক্তি হলে দুই পক্ষই লাভবান হবে।প্রসঙ্গত গত বছরের ১১ জানুয়ারি দিল্লিতে হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে আলোচনা হয় যে শুকনো মৌসুমে তিস্তার পানি প্রবাহ কমে যাওয়ায় দুই দেশের মানুষ অবর্ণনীয় দুর্দশার শিকার হয়। তাদের দুূর্ভোগ কমাতে দুই প্রধানমন্ত্রী যত শিগগিরই সম্ভব তিস্তার পানি বণ্টনের বিষয়টি সুরাহা করার নির্দেশ দেন।