মনসার গানের ভেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ নারীরা বাড়ির উঠানে বসিয়েছেন পদ্মপুরাণ পাঠের আয়োজন। ছবিটি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাইন্দা গ্রাম থেকে গত বছর এই সময়ে তোলা l ফাইল ছবি
গ্রামীণ নারীরা বাড়ির উঠানে বসিয়েছেন পদ্মপুরাণ পাঠের আয়োজন। ছবিটি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাইন্দা গ্রাম থেকে গত বছর এই সময়ে তোলা l ফাইল ছবি

প্রাচীন গানের কত ঐতিহ্য হারিয়ে গেছে হাওরাঞ্চলের নিম্নবিত্ত-মধ্যবিত্তদের জীবন থেকে—বটকিরাগান, গাজীর গান, ঘাটুগান, মালসিগান, টিক-লরানির গান, ত্রিনাথের গান। বেশি দিন নয়, আজ থেকে দেড় দশক আগেও গ্রামীণ বাঙালি লোকাচারে এসব গানের উপস্থিতি ছিল।
সবই যে হারিয়ে গেছে, তাও নয়। এখনো প্রতি শ্রাবণ মাসের শেষ দিনটিতে নিম্নবিত্ত-মধ্যবিত্ত হিন্দু বাঙালির জীবনে ‘মনসাপূজা-উৎসব’ বর্ণিল রং ছড়ায়। শ্রাবণের শেষ দিনটিতে নাগদেবীখ্যাত মনসার পূজা অনুষ্ঠিত হলেও উৎসব মূলত মাসের শুরুর দিনটি থেকেই শুরু হয় হাওরে। নারী-পুরুষ নির্বিশেষে মেতে ওঠেন পদ্মপুরাণ পাঁচালি পাঠের আয়োজনে। জাতপাত, বৈষম্য আর ভেদাভেদ ভুলে সেই আনন্দযজ্ঞে গা ভাসায় হাওরের সব মানুষ।
হাওরাঞ্চলে এবারও মনসাপূজার আয়োজন সাড়ম্বরে শুরু হয়েছে। পূজা উপলক্ষে কেউবা মনসার প্রতিমা বসিয়েছেন আবার কেউ বসিয়েছেন মনসার ঘট। মনসাদেবীর আরেক নাম পদ্মা। পদ্মার জন্ম ও পূজিত হওয়ার ইতিহাসকে উপলক্ষ করেই রচিত হয়েছে মনসামঙ্গল বা পদ্মপুরাণ কাব্য। আর এ কাব্যই এখন গানের সুরে পঠিত হচ্ছে হাওরের এ গ্রাম-ও গ্রামে। বাড়ির উঠানে কিংবা ঘরের দাওয়ায় বসে গ্রামীণ নারী ও পুরুষেরা পৃথক আয়োজনে এ কাব্য পাঠ করছেন।
মধ্যযুগের কবিদের প্রণীত বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার সবচেয়ে আলোচিত মনসামঙ্গল কাব্য। ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এ কাব্য রচনার বিস্তৃতি হিসেবে গবেষকেরা অভিমত দিয়েছেন। তবে এ কাব্যের উপাখ্যান ভারতের বিহার প্রদেশ থেকে বাংলায় এসেছে। এমনটাই অভিমত বাংলা সাহিত্যের বিকাশের ধারা গ্রন্থের লেখক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। মুহম্মদ শহীদুল্লাহ্ও একই অভিমত করেছেন তাঁর বাংলা সাহিত্যের কথা গ্রন্থে।
মনসামঙ্গল কাব্য-এর উদ্ভব ও উৎপত্তি নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ মনে করেন, এর উৎপত্তি ত্রয়োদশ শতকে, কেউ মনে করেন আরও আগে।
বরাবরই মনসামঙ্গল ও মনসার ভাসান গান পূর্ব ও উত্তরবঙ্গেই বেশি প্রচলিত ছিল। গবেষক দীনেশচন্দ্র সেন মনসামঙ্গল কাব্য-এর ৬২ জন রচয়িতার নাম তাঁর বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে উল্লেখ করেছিলেন। তাঁদের অধিকাংেশরই বাড়ি হাওরাঞ্চলে। মধ্যযুগের অসংখ্য কবি মনসামঙ্গল কাব্য বা পদ্মপুরাণ কাব্য রচনা করলেও বাংলাদেশের হাওরাঞ্চলে বাইশ কবি প্রণীত পদ্মপুরাণ কাব্য সর্বত্রই পঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বর্ষপঞ্জিকা অনুসারে, আজ রোববার শ্রাবণের শেষ দিন। তাই আজই অনুষ্ঠিত হবে মনসাপূজা। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের পাঁচালি পাঠ। গানের সুরে সুরে বিরহকাতর নারী-পুরুষ আবেগঘন কণ্ঠে গাইছে চাঁদ সওদাগরের চৌদ্দ ডিঙ্গা ডুবে যাওয়া, বাসররাতে বিপুলার স্বামী লখিন্দরকে সাপে কাটা আর লখিন্দরকে ‘জিও রে জিও কানাই মায়ের লখিন্দর’ ধুয়ার সঙ্গে বাঁচানোর কাহিনি।
বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক শুভেন্দু ইমাম মনে করেন, হাওর অঞ্চলে মনসার ব্যাপকভাবে পূজিতা হওয়ার অন্যতম কারণ জলবেষ্টিত হাওরে সাপ-খোপের উপদ্রব বেশি। সাপের দেবী মনসার কৃপাপ্রার্থী তাই সবাই।
মনসাপূজাকে উপলক্ষ করে পালিত লোকাচারের অনেক কিছুই এখন হারিয়ে গেছে। কিন্তু গানের সুরে পদ্মপুরাণ পাঠের কোনো হেরফের হয়নি। সেই মধ্যযুগ হয়ে একবিংশ শতাব্দীর মানুষের কাছে এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে মনসামঙ্গল কাব্য। এ এক বিস্ময়ও বটে!