মনস্তাত্ত্বিক!
আগামী ২৯ মে ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন’ সারা দেশে অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জে ১৩টি উপজেলায় দুই হাজার ৯১৮টি কেন্দ্রে ছয় লাখ ৮৫ হাজার ৯৪ জন এক থেকে পাঁচ বছরের শিশুকে ভিটামিন এ প্লাস ও কৃমির বড়ি খাওয়ানো হবে।এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের যাবতীয় কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন সিভিল সার্জন দীন মোহাম্মদ। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, বড়ি খাওয়ার পর অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে। সিভিল সার্জন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নত মানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে এসব সরবরাহ করে থাকে। বিগত ক্যাম্পেইনগুলোতে কিশোরগঞ্জে কোনো সমস্যা হয়নি। বিদ্যালয়ে খাওয়াতে গেলেই সমস্যা। কারণ বিষয়টি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। এক ছাত্র পেটের ব্যথা বললে অন্য ছাত্ররা তার সঙ্গে সুর মিলিয়ে সবাই বলে খারাপ লাগছে, যা মনস্তাত্ত্বিক বলেই মনে হয়।