মনস্যান্টোর বিরুদ্ধে মানববন্ধন ও শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামের স্বাধীনতাকামীদের হত্যার জন্য ‘এজেন্ট অরেঞ্জ’ নামের যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার হয়েছিল, সেই রাসায়নিকের উৎপাদক প্রতিষ্ঠান বহুজাতিক কৃষি-বাণিজ্য কোম্পানি মনস্যান্টোর বিরুদ্ধে ঢাকায় এক প্রতিবাদী মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মনস্যান্টোর বিরুদ্ধে পৃথিবীর সব বীজসম্পদ, প্রাণবৈচিত্র্য, কৃষি, খাদ্য ও পরিবেশব্যবস্থা দখলের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার বিশ্বের ৩৮টি দেশের ৪২৮টি শহরে এই কর্মসূচি পালিত হয়।
এরই অংশ হিসেবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) আহ্বানে গতকাল সকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এক মানববন্ধন ও শোভাযাত্রা থেকে মনস্যান্টো কোম্পানিসহ সব কৃষি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কৃষি-আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী, গবেষক, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, লেখক, শিল্পী, সংগঠক, উদ্যোক্তা এবং পরিবেশকর্মীসহ নানা পেশাজীবী ও পরিবেশবাদী সংগঠন সংহতি জানায়। কর্মসূচি থেকে বক্তারা জিন প্রযুক্তিতে পরিবর্তিত জিএম খাদ্য ও রাসায়নিক কৃষির বিরুদ্ধে নিরাপদ খাদ্য ও বৈষম্যহীন এক সবুজ বাংলাদেশের প্রত্যাশায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের বীজসম্পদ, প্রাণবৈচিত্র্য, বাস্তুসংস্থান, পরিবেশ পদ্ধতি ও স্থানীয় জ্ঞানের মালিক দেশের জনগণ। বাংলাদেশের চা-বাগানগুলোতে মনস্যান্টো কোম্পানির ‘রাউন্ডআপ’ নামের এক বিপজ্জনক আগাছানাশক ব্যবহৃত হয়। পাশাপাশি বাংলাদেশের হাইব্রিড ভুট্টা বীজের বাজারও এই কোম্পানির দখলে। জিন প্রযুক্তিগত গবেষণার নামে ‘বিটি বেগুন’ প্রকল্পের ভেতর দিয়ে এই কোম্পানি বাংলাদেশের নয়টি স্থানীয় বেগুন জাতের মালিকানা দখল করে নিচ্ছে।