মনারচক থেকেও বাংলাদেশকে বিদ্যুৎ দিতে সম্মত ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরার মনারচক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: দেবাশিস রায়
ত্রিপুরার মনারচক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: দেবাশিস রায়

ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানার পর এবার মনারচক থেকেও বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ​ দিতে সম্মতি জানাল ত্রিপুরা রাজ্য সরকার। ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে ভারত সরকারকে জানিয়ে দিয়েছেন মনারচক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হলে তাঁদের সরকারের কোনো আপত্তি নেই। আজ শনিবার বিদ্যুৎমন্ত্রী মুঠোফোনে প্রথম আলোকে এ কথা জানান।
ত্রিপুরার সিপাহিজলা জেলার মনারচকে ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (নিপকো) গড়ে তোলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ​ প্রকল্প। ২০০২ সালে প্রকল্পের স্থাপনা শুরু হলেও চলতি বছরের জানুয়ারিতে প্রকল্প রূপায়ণের কাজ শেষ হয়। কিন্তু প্রাকৃতিক গ্যাসের অভাবে মুখ থুবড়ে রয়েছে ১০০ মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্প। গ্যাস সরবরাহকারী সংস্থা ভারত সরকারেরই রাষ্ট্রায়ত্ত অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএজিসি) সঙ্গে নিপকোর টানাপোড়েন চলছেই।
বিদ্যুৎ​মন্ত্রী মানিক দে এ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন। তাই তিনি বলেন, ‘গোটা বিষয়টিই নির্ভর করছে ভারত সরকারের ওপর। কারণ ওরা গ্যাস না দিলে তো মনারচকই চালু হবে না।’ 

মানিক দে আরও বলেন, ‘ভারত সরকার থেকে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশকে মনারচক থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ​ দেওয়া হলে ত্রিপুরার কোনো আপত্তি আছে কি না। আমরা জানিয়ে দিয়েছি আমাদের কোনো আপত্তি নেই। পুরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ​ই বাংলাদেশকে দেওয়া যেতে পারে।’ তিনি জানান, প্রতিশ্রুতি মতো পালাটানা থেকে দৈনিক গড়ে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ​ বাংলাদেশকে দেওয়া হয়েছে। মনারচক চালু হলেও পালাটানা থেকে চুক্তিমতো বিদ্যুৎ​ সরবরাহ চলবে।
তবে কবে থেকে মনারচকের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ​ বাংলাদেশ পাবে, সে সম্পর্কে অবশ্য কোনো আভাস দিতে পারলেন না ত্রিপুরার বিদ্যুৎ​মন্ত্রী। তাঁর সাফ কথা, ‘গ্যাস দেবে কেন্দ্রীয় সরকার। গ্যাস পেলে তবেই হবে বিদ্যুৎ​। সেই বিদ্যুৎ​ বাংলাদেশে রপ্তানিও করবে তাঁরা (ভারত সরকার)। তাই ওরাই বলতে পারবে। আমরা শুধু বলতে পারি, আমাদের কোনো আপত্তি নেই। এটা দিল্লিকে লিখিতভাবে জানিয়েও দিয়েছি।’
এদিকে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরাতেও বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। কিন্তু পালাটানায় যান্ত্রিক কারণে উৎ​পাদনও বর্তমানে কম হচ্ছে। ফলে শুক্রবারই ত্রিপুরাকে ৮০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ কিনতে হয়েছে। তবু বাংলাদেশের চাহিদা বিন্দুমাত্র কাটছাঁট করা হচ্ছে না বলে মানিক দে দাবি করেন। তিনি জানান, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বই শুধু নয়, আন্তর্জাতিক চুক্তি বজায় রাখতেও ত্রিপুরা সরকার বদ্ধপরিকর।