মনিটরিং সেলে মামলা, তবু বিচার চলে বছরের পর বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র ছেলে হত্যার বিচার চেয়ে চার বছর দ্বারে দ্বারে ঘুরে নিজেও এখন পরপারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খুরশীদুল আলম। স্ত্রী হত্যার বিচার দেখার আশায় ১১টি বছর তাকিয়ে ৭০ বয়সের বৃদ্ধ নূর মোহাম্মদ মিয়া। বিচারকাজ আজও শেষ হয়নি।
নারায়ণগঞ্জের আলোচিত ২৮টি মামলার মধ্যে দুটির চিত্র এটি। অথচ এসব মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে শুরু থেকে মনিটরিং করছে জেলা প্রশাসন। প্রতি মাসে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনিটরিং সেলের সভা হয়। কিন্তু মামলার বিচারকাজ আর এগোয় না। অপেক্ষার প্রহর কাটে না ভুক্তভোগীদের।
খুরশীদুল আলম শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান হিসাব কর্মকর্তা ছিলেন। বাড়ি নারায়ণগঞ্জ শহরের গাবতলীতে। চলতি বছর তিনি মারা যান। মেয়ে জেসমিন আক্তার বলেন, ২০১২ সালের ১৫ জুলাই ফতুল্লার জামতলায় তাঁর ছোট ভাই ছাত্রলীগ নেতা মিঠুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাঁর বাবা ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
জেসমিন বলেন, শুরু থেকেই হয়রানির শিকার হন বাবা। সারা রাত থানায় বসিয়ে রাখে পুলিশ। একপর্যায়ে কয়েকজন সন্ত্রাসীর নাম কেটে দিয়ে মামলা নেওয়া হয়। এরপর থানা আর আদালত করতে করতে বাবা ক্লান্ত হয়ে পড়লেও আসামিরা গ্রেপ্তার হয়নি। মৃত্যুর আগমুহূর্তে তিনি মাকে বলে গেছেন, ‘আমি ঘাতকদের ফাঁসির খবর শুনিয়ে যেতে পারলাম না।’
এ মামলায় বাদীপক্ষের আইনজীবী বারী ভূঁইয়া বলেন, ‘আমার শঙ্কা, মামলাটিতে ন্যায়বিচার পাব না। কারণ প্রভাবশালীরা এর পেছনে কলকাঠি নাড়ছে।’ মনিটরিং সেলের কোনো তৎপরতা কখনোই দেখেননি বলে জানান তিনি।
বৃদ্ধ নূর মোহাম্মদের বাড়ি ফতুল্লার শিবু মার্কেট এলাকায়। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৫ সালে তাঁর স্ত্রী মমতাজকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। ১১ বছর বিচারের জন্য ঘুরেছেন তিনি। এখন আর তিনি বিছানা থেকে উঠতে পারেন না। নূর মোহাম্মদ বলেন, ‘বিচার তো আর দেখতে পারব না। কানের কাছে এসে কেউ যদি বলে, ঘাতকদের ফাঁসি হয়েছে, তাতেই আমি সন্তুষ্ট।’
ফতুল্লার মাসদাইর এলাকার দিনমজুর সেলিম মিয়ার অপেক্ষার কাহিনি আরও লম্বা। বাবা ব্যবসায়ী খলিলের হত্যাকারীদের শাস্তি দেখার আশায় ১৫ বছর দিনমজুরির অর্থ ঢেলে চলেছেন তিনি। সেলিম বলেন, ২০০১ সালের মার্চে তাঁর বাবাকে একটি সালিস বৈঠক থেকে ধরে নিয়ে গিয়ে ইটভাটার আগুনে ফেলে হত্যা করে সন্ত্রাসীরা। এই ১৫ বছর মামলা চালাতে গিয়ে তিনি ক্লান্ত। তিনি বলেন, ‘আর পারছি না। দিনমজুরির অর্থ দিয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে কতক্ষণ পারা যায়?’
২৮টি মামলার মধ্যে আরও রয়েছে ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার আলোচিত ঘটনায় দুটি মামলা। ১৩ বছর পর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে মামলাটির বিচারকাজ শুরু হলেও এই ২৮ মাসে বাদী ছাড়া ৫৬ জন সাক্ষীর কেউই সাক্ষ্য দেননি। রয়েছে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যা মামলাটিও। ৩৮ মাসেও এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়নি তদন্তকারীরা।
একই মনিটরিং সেলে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, তরুণ নাট্যকার দিদারুল আলম হত্যা, সিদ্ধিরগঞ্জে পুলিশ কনস্টেবল মফিজ হত্যা, বক্তাবলীতে স্কুলছাত্র ইমনকে নয় টুকরা করে হত্যা, সোনারগাঁয়ের চার খুন, স্কুলছাত্র জাহিদুল ইসলাম ও মাদ্রাসাছাত্র সোয়াইব হত্যা, সোনারগাঁয়ে শিশু আমীর হামজা হত্যা, শিশু জাহিদুল ইসলাম হত্যা, মুক্তিযোদ্ধা আবদুল গফুর হত্যা ও সিদ্ধিরগঞ্জের শিশু আরমান হত্যার মতো চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কেবল ওয়ার্ড কাউন্সিল নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের মামলাটির কার্যক্রমে গতি আছে।
সাত সদস্যবিশিষ্ট মনিটরিং সেলের সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। সদস্য হিসেবে আছেন সরকারি কৌঁসুলি (পিপি), অতিরিক্ত পুলিশ সুপার ও সিভিল সার্জনসহ গুরুত্বপূর্ণ পদধারী ব্যক্তিরা। নারায়ণগঞ্জের পিপি এস এম ওয়াজেদ আলী বলেন, মনিটরিং সেলে বর্তমানে তালিকাভুক্ত থাকা ২৮টি মামলার মধ্যে ২০টি বিচারাধীন রয়েছে। বাকি আটটি তদন্তাধীন রয়েছে। এর অর্থ, এগুলোর অভিযোগপত্র আজও আদালতে দাখিল হয়নি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি। ১৯ জুন তাঁর কার্যালয়ে গেলেও সাক্ষাৎ দেননি তিনি।