মনিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম শারমিন মোরশেদ (২৮)।

পূর্ব মনিপুর এলাকার ১১৪০/৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে। শারমিনের ভাইয়ের দাবি, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মেরে ফেলেছে।

শারমিন মোরশেদের ছোট ভাই আয়াজ সরকার প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত দুইটার সময় শারমিনের শ্বশুর মোস্তফা কামাল তাঁদের ফোন করেন। তিনি বলেন, শারমিনের একটি দুর্ঘটনা ঘটেছে। তাঁরা যেন দ্রুত ওই বাসায় যান। পূর্ব মনিপুরের ওই বাসায় গিয়ে তাঁরা দেখতে পান, শারমিনের লাশ কাপড় দিয়ে ঢাকা। লাশের গলায় দাগ, গাল ও কপালে কাটা দাগ রয়েছে।

আয়াজ সরকার আরও জানান, চার বছর আগে মোরশেদী আলমকে ভালোবেসে বিয়ে করেন তাঁর বোন শারমিন। শারমিন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পড়েছেন। ভগ্নিপতি মোরশেদী আলম আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তবে তিনি বেকার ছিলেন। বিয়ের পরই শ্বশুরবাড়ি থেকে শারমিনকে যৌতুকের জন্য চাপ দেওয়া হতো। প্রায়ই মারধর করা হতো। রাগ করে মাঝেমধ্যেই শারমিন মগবাজারে বাবার বাড়ি চলে যেতেন। কিছু আগেও তিনি বাবার বাড়ি এসেছিলেন। তবে তাঁকে বুঝিয়ে-শুনিয়ে শ্বশুরবাড়ি পাঠানো হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, শারমিনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর স্বামী মোরশেদী আলমকে সকাল সাতটার দিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শারমিনের ভাই আয়াজ সরকার জানান, তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।