মনিবের ছিন্ন মস্তক খুঁজে বের করল ‘বুলেট’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কৃষক আইয়ুব নবীর (৫৫) মস্তকবিহীন লাশ গত মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর মস্তক পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাঁর পোষা কুকুরটিই মস্তকটি উদ্ধারে সহায়তা করেছে।কুকুরটির নাম বুলেট। বুলেটের কীর্তি শুনে তাকে দেখতে গতকাল বৃহস্পতিবার কাঁঠালবাড়িয়া গ্রামে কৃষক আইয়ুবের বাড়িতে ভিড় জমায় শত শত মানুষ।পুলিশ ও পরিবার জানায়, কাঁঠালবাড়িয়া গ্রামের পাশের একটি ভুট্টাখেতে মঙ্গলবার কৃষক আইয়ুবের মস্তকবিহীন লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ গ্রামের বেরাজ উদ্দিনের স্ত্রী ফরেজান বেগম ও তাঁর ছেলে আবদুর রহিমকে গ্রেপ্তার করে। অনেক খোঁজাখুঁজির পরও পুলিশ ও আইয়ুবের পরিবার মস্তক উদ্ধার করতে পারেনি। তাই মস্তক ছাড়াই বুধবার আইয়ুবের লাশ দাফন করা হয়।আইয়ুবের ভগ্নিপতি আবদুল হাকিম জানান, গতকাল সকালে সাইবাড় গ্রামের একটি স্থানে রক্তমাখা দড়ি দেখতে পেয়ে তাঁরা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বস্তা উদ্ধার করে। কিন্তু সেখানে মস্তকটি পাওয়া যায়নি। তবে খানিকটা দূরের একটি স্থানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করে ‘বুলেট’। সেখান থেকেই আইয়ুবের মস্তক উদ্ধার করা হয়।গতকাল দুপুরে কাঁঠালবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, আইয়ুবের বাড়িতে মানুষ ভিড় করছে। ঘরের ছায়ায় চোখ বন্ধ করে শুয়ে আছে বুলেট। আইয়ুবের ভাতিজি ময়না বিবি (৩৫) বলেন, ‘কুকুরটি চাচার খুবই আদরের। গত দুই দিন ও শুধু ছোটাছুটি করেছে। ওকে কিছু খাওয়ানোও যায়নি। চাচার মস্তক পাওয়ার পর দুপুরে একটু খেয়ে ঘুমিয়ে পড়েছে।’তবে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দাবি করেন, কুকুর নয়; পুলিশই মস্তকটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মস্তকটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।