মনির ইচ্ছার মূল্য বুঝল বান্ধবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে তার স্বপ্ন চিকিৎসক হওয়া। মেধাবী ছাত্রী বলে স্বপ্ন পূরণে সে দৃঢ়প্রত্যয়ী। তাই হুট করে আসা বিয়ের প্রস্তাব মেনে নিতে পারেনি। কিন্তু অভিভাবকেরা ভাবছিলেন অন্য কথা। গরিব ঘরের মেয়ের এত পড়াশোনা করে কী হবে? ভালো ঘরে ভালো ছেলের সঙ্গে বিয়ে হলেই বরং সুখে থাকবে সে। তাই বিয়ে দিতে তাঁরা ছিলেন অটল। বিয়ে পাকাও হয়ে গিয়েছিল। নিরুপায় হয়ে মেয়েটি তার বান্ধবীদের জানায় সমস্যা ও ইচ্ছার কথা। শেষমেশ বান্ধবীদের সাহসী পদক্ষেপে বিয়ে থেকে রক্ষা পায় সে। এই মেধাবী ছাত্রীটি মোহসানা মুস্তারী মনি (১৬)। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাগুরী গ্রামে তার বাড়ি। বাবা আলী আকবর মিয়া কৃষক। দুই ভাই চার বোনের মধ্যে সবার ছোট মনি। কিশোরগঞ্জ শহরের স্মরণী বালিকা বিদ্যালয় থেকে ২০০৯ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পায় সে। ভর্তি হয় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে। ব্যবসায়ী ভগ্নিপতি দিদারুল আলমের আর্থিক সহযোগিতায় নাদিরা ক্যাডেট কোচিংয়ের আবাসিক হলে থেকে পড়াশোনা করছিল সে। সম্প্রতি ভৈরব উপজেলা সদরের এক ব্যবসায়ী যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় মনির। বিয়ের দিন ঠিক হয় ১৪ মে। পরে সহপাঠীদের সমস্যার কথা জানায় সে। তারা এ ব্যাপারে কিশোরগঞ্জের নারী ও মানবাধিকারকর্মী এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করে। এ অনুরোধে সাড়া দিয়ে স্থানীয় উইমেন চেম্বারের সভাপতি নাযমুন নাহার, মানবাধিকারকর্মী গুলশান আরা বেগমসহ নারীনেত্রীরা এগিয়ে আসেন। এগিয়ে আসেন পুলিশ সুপার মীর রেজাউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আলম সিদ্দিকী। পুলিশ সুপার এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেনকে (ওসি) নির্দেশ দেন। ওসি মীর মোশাররফ হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশ পেয়ে তিনি দিদারুর আলমের সঙ্গে যোগাযোগ করে এই বাল্যবিবাহ বন্ধ করার ব্যবস্থা নিতে বলেন। দিদারুল আলম বিয়ে ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশান আরা বেগম বলেন, ‘অভিভাবকেরা মেয়েটির পড়াশোনার খরচ আর না দিতে চাইলে আমরা এ দায়িত্ব পালন করব।’গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. আরজ আলী বলেন, ১৮ বছরের নীচে বিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে মনির সঙ্গে কথা বলার চেষ্টা করলে সে কোনো কথা বলেনি।