মনিরাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার দরিদ্র পরিবারের গৃহবধূ মনিরা বেগমের (৪৫) কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় চার লাখ টাকার। কিন্তু মনিরার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। মনিরার ছেলে রকি জানান, ঋণ করে ঢাকার দুটি হাসপাতালে তাঁর মায়ের চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরে তাঁকে কিডনি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু টাকার অভাবে চিকিৎসা শেষ না করেই তাঁকে বাড়ি ফিরিয়ে আনতে হয়েছে। রকি আরও জানান, তাঁর মায়ের দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে, অন্যথায় যত দিন বেঁচে থাকবেন, ঢাকায় নিয়ে ডায়ালাইসিস করতে হবে। এ জন্য প্রতি সপ্তাহে প্রয়োজন প্রায় তিন হাজার টাকার। মনিরার স্বামী সোলায়মান সরকার জানান, তাঁর জমিজমা নেই। তাঁত বুনোনের কাজ করে কোনো রকমে সংসার চলে। অনেক কষ্টে তিন ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। কিন্তু মনিরার চিকিৎসা করাতে গিয়ে ছেলে তিনটির পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহায়তা করার জন্য হূদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ জানিয়েছে পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চলতি হিসাব নম্বর-৩৪১, চাঁচকৈড় শাখা, গুরুদাসপুর নাটোর।