মনিরামপুর পৌরসভার মেয়রসহ আটক ৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার ভোটকেন্দ্রে হামলার অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র শহীদ ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। একই অভিযোগে গতকাল সোমবার মধ্যরাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭০ কর্মী-সমর্থককে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়ন ও পুলিশের ১৭০ জনের একটি দল গতকাল রাতভর মনিরামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনকে আটক করে।

এ ব্যাপারে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, নির্বাচনের দিন মনিরামপুরের ৬০টি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করেন। তাঁরা প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের মারধর করে কেন্দ্র দখল করে নেন। ওই ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তারা বাদী হয়ে গতকাল রাত পর্যন্ত ২৮টি মামলা করেছেন। এসব মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ৬০ কেন্দ্রে হামলার অভিযোগে পর্যায়ক্রমে ৬০টি পৃথক মামলা হবে।