মনিরামপুরে আ.লীগে কেশবপুরে বিএনপিতে বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনিরামপুরে দলীয় মনোনয়নের বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছে। কেশবপুরে বিদ্রোহী প্রার্থী না থাকলেও মনোনয়ন নিয়ে দলে অন্তর্দ্বন্দ্ব আছে।
অন্যদিকে মনিরামপুরে বিএনপি-মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একটা অংশ থাকলেও বিদ্রোহী প্রার্থী নেই। কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতা দল-মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনিরামপুরে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী দলের উপজেলা সভাপতি মাহমুদুল হাসান। প্রার্থী হিসেবে আছেন মনিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি এম মজিদ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মনিরামপুরের সাবেক সাংসদ খান টিপু সুলতানের সঙ্গে মাহমুদুল হাসানের একসময় বিরোধ ছিল। তবে মাহমুদুল হাসান বলেন, খান টিপু সুলতানের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক আছে। তিনি বলেন, জি এম মজিদ সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে স্বতন্ত্র সাংসদ স্বপন ভট্টাচার্য-সমর্থিত।
জানা গেছে, জি এম মজিদ পারিবারিকভাবেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, খান টিপু সুলতান তাঁকে নির্বাচন করার সম্মতি দিয়েছেন।
বিএনপির প্রার্থী শহীদ মো. ইকবাল মনিরামপুরে পরপর দুবারের মেয়র। তিনি একক প্রার্থী হলেও জেলা বিএনপির সহসভাপতি মো. মুছার সঙ্গে তাঁর বিরোধ আছে। শহীদ ইকবাল নিজেও তা স্বীকার করেন। তবে নির্বাচনে মো. মুছা তাঁর পক্ষেই থাকবেন বলে তিনি বিশ্বাস করেন।
এ এলাকায় জামায়াতে ইসলামীর হাজার খানেক ভোট আছে। তা ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট নেতা মুফতি ওয়াক্কাসের বাড়ি মনিরামপুর। এ বিষয়ে শহীদ ইকবাল প্রথম আলোকে বলেন, জামায়াতের সভাপতি ও মুফতি ওয়াক্কাসের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা তাঁকে সমর্থন করবেন বলে কথা দিয়েছেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল হাসান বলেন, জামায়াতের ভোট শহীদ ইকবাল পাবেন না। কারণ, উপজেলা নির্বাচনে জামায়াত আট হাজার ভোটে হেরেছিল। সে সময় বিএনপির প্রার্থী ১৪ হাজার ভোট পান। যে কারণে এখানে জামায়াত-বিএনপি সম্পর্ক ভালো নয়।
সরেজমিন কেশবপুর: কেশবপুরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম। তিনি তৃণমূলের ভোটে সমর্থন পেয়ে একক প্রার্থী ছিলেন। রফিকুল ইসলাম বলেন, তৃণমূল ও ইসমত আরা সাদেকের সমর্থনে তিনি প্রার্থী হয়েছেন। তা ছাড়া জেলা নেতাদের দুই তালিকাতেই তিনি এক নম্বরে ছিলেন।
বিএনপির প্রার্থী আবদুস সামাদ বিশ্বাস হলেও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর কবির প্রার্থী হয়েছেন। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ আলমগীরকে নেপথ্যে সমর্থন দিচ্ছেন। এ বিষয়ে আবদুস সামাদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘দলে আমি ছাড়া আর কেউ মনোনয়ন চাননি। দলে কোনো বিভাজনও নেই।’
আর আলমগীর কবির প্রথম আলোকে বলেন, দলের অধিকাংশ নেতা-কর্মী তাঁর পক্ষে। শান্তিপূর্ণ নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তিনি দাবি করেন।