মনিরামপুরে আ.লীগের সভামঞ্চ ভাঙচুর: সাংসদকে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে গতকাল শনিবার আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সভার মঞ্চ ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে, দলের ইউনিয়ন সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওই ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে ওই সভায় যোগ দিতে গিয়ে বাধার শিকার হন যশোর-৫ আসনের (মনিরামপুর) সাংসদ খান টিপু সুলতান। সভামঞ্চের প্রায় ৪০০ গজ দূরে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিক আনোয়ার হোসেন বলেন, দৃর্বৃত্তরা সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের সভামঞ্চে যাতায়াতে বাধা সৃষ্টি করেছিল। ঘটনাস্থলে গিয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রউফ ও মনিরামপুর থানার পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ইউনিয়নের কাঁঠালতলা বাজারে নির্ধারিত স্থানের পাশে আরেকটি মঞ্চ তৈরি করে সভার কার্যক্রম চলে। সভায় সাংসদ খান টিপু সুলতান বলেন, একটি কুচক্রীমহল মনিরামপুরের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা মোকাবিলা করা হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও দলের সমর্থক হাবিব খানের নেতৃত্বে সভামঞ্চ ভাঙচুর করা হয়। এ সময় সাংসদ সমর্থক আওয়ামী লীগ কর্মী ফারুক (২৬), কালাম (২৮), মখলেছ (২২), ইউনুছ (৪০), ফিরোজ (৩৫) হামলার শিকার হন। এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, ‘অগণতান্ত্রিকভাবে সাংসদ ও দলের উপজেলা নেতারা সদস্য সংগ্রহের সভা করতে এসেছিলেন। আমরা তাতে বাধা দিয়েছি। তবে ভাঙচুর ও মারপিটের কোনো ঘটনা ঘটেনি।’ অভিযোগ অস্বীকার করে হাবিব খান বলেন, ‘আমি এলাকায় ছিলাম না। তবে শুনেছি সাংসদকে অবরুদ্ধ করা হয়েছিল।’উল্লেখ্য, গত ২৪ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের নেতারা অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব নজরুল ইসলাম খানের বাবা তৎকালীন ইউনিয়ন শান্তি কমিটির সভাপতি ছিলেন। একই সভায় নজরুল ইসলাম খানের বিরুদ্ধেও উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়। এ জন্য গতকাল দলের সভা পণ্ড করার জন্য ওই হামলা চালানো হয় বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা মন্তব্য করেন। উল্লেখ্য, হাবিব খান নজরুল ইসলাম খানের ভাই।