মনিরামপুরে আতঙ্কে সংখ্যালঘুরা, নির্বিকার পুলিশ

যশোরের মনিরামপুর পৌর শহরের বিজয়রামপুর গ্রামের পালপাড়ার গৌরপালের কাছ থেকে সাত হাজার টাকা চাঁদা নিয়ে গেছে মুখোশধারীরা। আরও দুই লাখ টাকা দাবি করা হয়েছে। এ পাড়ার কুটিয়া রানীর চোখের সামনে রামদা উঁচিয়ে তারা বলে গেছে, সোমবার সন্ধ্যার মধ্যে তাঁর চাকরিজীবী ছেলেকে হাজির করতে হবে। না হলে বোমা মেরে বাড়িঘর উড়িয়ে দেওয়া হবে।
গতকাল রোববার নির্বাচনের রাতে মনিরামপুরের হিন্দুপাড়ায় গিয়ে সশস্ত্র মুখোশধারীরা এভাবেই শাসিয়েছে। এর আগের রাতে এ পাড়ার নিতাই পাল ও রতন পালের বাড়ির বিচালির গাদা ও গোয়াল ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর পর থেকে পালপাড়ার ১৩ পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এত কিছুর পরও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার থাকায় অসহায় হয়ে পড়েছে এই এলাকার মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক পালপাড়ার একজন বাসিন্দা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিজয়রামপুর গ্রামে হিন্দুদের বসবাসের কোনো পরিবেশ নেই। চরম আতঙ্কে কাটছে প্রতিটা মুহূর্ত। ভোট দিতে না গিয়েও বিএনপি-জামায়াতের রোষানলে পড়তে হচ্ছে। তিনি আরও জানান, ‘মুখোশধারীরা বলে গেছে, ভোট দিতে গেলে তোদের পাড়ার এক মাথা থেকে জ্বালিয়ে দিতাম। না গিয়েই তোরা জীবনে বেঁচে গেছিস।’
বিজয়রামপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী-সমর্থক তিনজনের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে ফরিদের পা ও খোরশেদ আলমের হাত ভেঙে দেওয়া হয়েছে। এলোপাতাড়ি কোপানো হয়েছে হারুন-অর-রশীদকে। ফরিদ ও খোরশেদকে যশোর জেনারেল হাসপাতালে ও হারুনকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাটুয়াপাড়া গ্রামের বজলুর রহমান ও মুজিবর রহমানের পা ভেঙে দেওয়া হয়েছে। দুজনই এখন মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
বিজয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপার ও বাক্সে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। জামায়াত-শিবিরের কর্মীরা প্রিসাইডিং কর্মকর্তাসহ সবাইকে পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দখল করে নেন। এদিন আরও ৫৯টি কেন্দ্র নির্বাচনবিরোধীরা দখল করে নেয়। যে কারণে নিরাপত্তাহীনতার কারণে ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, যশোর-৫ (মনিরামপুর) আসনের যে ৬০টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে, সেগুলোর আশপাশের গ্রামের আওয়ামী লীগ-সমর্থিত পরিবারের ওপর হামলা চালানো হচ্ছে। নির্বাচনের রাতে অন্তত ৫০টি পরিবারের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২০০ নেতা-কর্মী আহত হয়েছেন।
পুলিশ প্রশাসনকে দায়ী করে মাহমুদুল হাসান বলেন, প্রশাসনের নির্লিপ্ততার কারণে মনিরামপুর এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের তাণ্ডব বেড়েছে। পুলিশের নীরব ভূমিকার কারণে মানুষ অসহায় হয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে যশোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেশমা শারমিন বলেন, ‘র্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযান ছাড়া মনিরামপুরে যখন-তখন যাওয়া কঠিন। তার পরও আমাদের টহল দল থাকে।’ হিন্দুপাড়ায় তাণ্ডবের কথা তাঁরা জানেন না বলেও তিনি জানান।
যশোর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন খান টিপু সুলতান আর স্বতন্ত্র প্রার্থী ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন ভট্টাচার্য।
অন্যদিকে নৌকা প্রতীকে ভোট না দেওয়ায় যশোর-২ আসনের (ঝিকরগাছা-চৌগাছা) ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের শ্রীকান্ত ঘোষ, পানিসারা গ্রামের চান্দুসহ অন্তত ১০ জনকে মারধর করা হয়েছে। ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শুকুর আলীর মতো অনেকে।
শুকুর আলী প্রথম আলোকে বলেন, ‘আমার বায়সা গ্রামে সকালে একদল লোক মোটরসাইকেল নিয়ে ঢুকেছে। স্বতন্ত্র প্রার্থীর কলস প্রতীকের পক্ষে যারা কাজ করেছে, তাদের খোঁজা হচ্ছে, এমন খবর পেয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। বাড়িতে যেতে সাহস হচ্ছে না।’ নৌকা প্রতীকের লোকজন এ তাণ্ডব চালাচ্ছে বলেও তিনি জানান।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মনিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম।