মনিরামপুরে আবাসন প্রকল্পে আগুন, ১০টি ঘর ভস্মীভূত
যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া আবাসন প্রকল্পে গত শুক্রবার রাতে আগুনে ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে আটটি ছাগল, শতাধিক হাঁস-মুরগি, ধান-চালসহ আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার ভবদহসংলগ্ন কপালিয়া আবাসন প্রকল্পে রাত আটটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোটা আবাসন প্রকল্পে ছড়িয়ে পড়ে। আগুনে ১০টি ঘর ভস্মীভূত হয়। ঘরে থাকা আটটি ছাগল, শতাধিক হাঁস-মুরগি, ধান-চাল ও আসবাবপত্র আগুনে পুড়ে যায়। খবর পেয়ে মনিরামপুর, নওয়াপাড়া, ডুমুরিয়া ও দৌলতপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে দেড় ঘণ্টাব চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ। তবে সঠিক পরিমাণ তদন্ত না করে এই মুহূর্তে বলা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত আশুপদ বিশ্বাস বলেন, ‘আমার দুটি ছাগলসহ ঘরের সবকিছু পুড়ে গেছে।’ মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক বলেন, গৃহনির্মাণসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য যশোরের জেলা প্রশাসক নগদ ৬০ হাজার টাকা, প্রতি পরিবারের জন্য দুই বান্ডিল টিন, একটি করে লুঙ্গি, একটি শাড়ি, একটি কম্বল ও ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন।