মনিরামপুরে ঋষিপল্লিতে হামলাকারীদের ধরতে পুলিশের পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা ঋষিপল্লিতে হামলায় নেতৃত্ব দেওয়া ইব্রাহিম ও আবু সাঈদকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে যশোর পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন শেষে গতকাল রোববার সন্ধ্যায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ ঘোষণা দেন।
আনিসুর রহমান বলেন, ঋষিপল্লিতে হামলার নেতৃত্ব দিয়েছেন পার্শ্ববর্তী বাহিরঘরিয়া গ্রামের ইব্রাহিম হোসেন ও আবু সাঈদ। আবু সাঈদ মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ইব্রাহিম এ বছরে মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আনিসুর রহমান জানান, ঋষিপল্লির ১৫ জন পরীক্ষার্থী এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসছে। তাদের নিরাপত্তার জন্য ওই এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা রাখা হয়েছে।
মনিরামপুর থানা সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় শনিবার রাত ১২টার দিকে মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এজাহারে ইব্রাহিম ও আবু সাঈদের নাম রয়েছে। গতকাল রোববার এজাহারভুক্ত পাড়ালা গ্রামের মোছা. জীবনী এবং হামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন পাড়ালা গ্রামের আকবর ও অছির উদ্দীন।
গতকাল রোববার স্থানীয় সাংসদ স্বপন ভট্টাচার্য, জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক হুমায়ুন কবীর ঋষিপল্লির ক্ষতিগ্রস্ত দুটি ঘর সংস্কারের জন্য টিন দেওয়ার প্রতিশ্রুতি দেন।