যশোরের মনিরামপুর থানা চত্বরে গত মঙ্গলবার ঈদের জামাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। ওই পুলিশ কনস্টেবলের নাম সেলিম হোসেন।
সেলিম যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মুক্তিযোদ্ধা হারেজ শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, সকাল সাড়ে সাতটায় মনিরামপুর থানা চত্বরে জামাত শুরু হয়। নামাজ শেষে থানা মসজিদের উন্নয়নের জন্য সেলিম হোসেন উপস্থিত মুসল্লিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে ধর্মীয় বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় কয়েকজন মুসল্লি এর প্রতিবাদ করেন। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে সেখান থেকে থানা হেফাজতে নিয়ে যান।
মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘কনস্টেবল সেলিম বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। জামাতে উপস্থিত মুসল্লিরা এ ব্যাপারে আমাকে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। কর্তৃপক্ষের নির্দেশে ওই দিনই তাঁকে থানা থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’