মনিরামপুরে এক ব্যক্তির হাত-পায়ের রগ কর্তন
যশোরের মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামে ইউনুচ আলী (৪০) নামের এক ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় ইউনুচকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে নজরুল ইসলাম নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন।বুধবার রাতে এ ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। এমনকি ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত নয়টার দিকে আওয়ামী লীগ-সমর্থক ইউনুস আলী কাশিপুর গ্রামের ঘুঘুরাইল চাতাল বাজার থেকে বাড়িতে ফেরার সময় মুখ বাঁধা ৮-১০ জন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁর হাত ও পায়ের রগ কেটে দেয়। স্থানীয় কয়েকজন দৌড়ে এলে সন্ত্রাসীরা তিন-চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই বোমার আঘাতে একই গ্রামের নজরুল ইসলাম আহত হন। নজরুল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।